রানা প্লাজা দুর্ঘটনায় ১৪৬ শ্রমিক নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি দাবি করেছে, রানা প্লাজা দুর্ঘটনায় নিখোঁজ শ্রমিক ১৪৬ জন। গতকাল শনিবার রাজধানীর নির্মল সেন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে নিখোঁজ শ্রমিকদের তালিকা প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, হাইকোর্ট ও সেনাবাহিনীর পক্ষ থেকে রানা প্লাজার ঘটনায় নিখোঁজ শ্রমিকদের যে তালিকা প্রকাশ করা হয়, তা অসম্পূর্ণ। দুই দফা ডিএনএ পরীক্ষার পরেও সবার খোঁজ মেলেনি। বিভিন্ন তালিকা যাচাই এবং নিজেরা খোঁজ নিয়ে ১৪৬ জনের নামের তালিকা করেছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। সংগঠিনটি তালিকাভুক্তদের নিহত ঘোষণা করার এবং তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু করার দাবি জানায়।
সংবাদ সম্মেলনে ২৪ এপ্রিলকে শ্রমিক নিরাপত্তা ও শোক দিবস ঘোষণা করে ওই দিন সব কারখানা বন্ধ রাখার এবং রানা প্লাজা দুর্ঘটনার জন্য দায়ী সবার শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
গত বছরের ২৪ এপ্রিল ঢাকার অদূরে সাভারে রানা প্লাজা দুর্ঘটনায় এক হাজার ১৩৪ জন শ্রমিক নিহত হন। দুর্ঘটনার বছর পূর্তির কর্মসূচি ঘোষণা উপলক্ষে গতকালের সংবাদ সম্মেলন করা হয়।
সংগঠনের সমন্বয়ক তাসলিমা আখতারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বলা হয়, ৩১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত সংগঠনের পক্ষ থেকে নিখোঁজ শ্রমিকদের তালিকা শ্রম মন্ত্রণালয়, বিজিএমইএ, সেনাবাহিনী ও আইএলওতে দেওয়া হবে। ২৪ এপ্রিল রানা প্লাজায় শ্রদ্ধাঞ্জলি জানানোর পাশাপাশি প্রতিবাদ সমাবেশ করা হবে। বিজ্ঞপ্তি।