রানা প্লাজা ধস: হত্যা মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানি ২৫ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় করা হত্যা মামলায় আগামী ২৫ মে অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান এই তারিখ ধার্য করেন।

আজ এই মামলায় আসামিদের উপস্থিতি এবং অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ ধার্য করার জন্য দিন নির্ধারিত ছিল।

এই মামলায় কারাগারে থাকা রানা প্লাজার মালিক সোহেল রানাসহ ছয় আসামিকে আজ আদালতে হাজির করা হয়। জামিনে থাকা ২৩ জন আসামিও আজ আদালতে হাজির ছিলেন। এ মামলায় ১২ জন আসামি পলাতক রয়েছেন।

আজ সোহেল রানার পক্ষে তাঁর জামিনের আবেদন করা হলে তা নাকচ করেন আদালত। আদালত বলেন, রানা প্লাজা ধস প্রাকৃতিক দুর্যোগ নয়। এটা মানবসৃষ্ট। এই অপরাধ ক্ষমার যোগ্য না। তাই জামিনের আবেদন নাকচ করা হলো।

আজ বেলা দুইটার দিকে ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমানের আদালতে রানা প্লাজা ধসের ঘটনায় ইমারত আইনে করা মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

রানা প্লাজা ধসের ঘটনায় হত্যা মামলা ও ইমারত নির্মাণ আইনে করা মামলায় গত বছরের ১ জুন ওই ভবনের মালিক সোহেল রানাসহ ৪২ জনকে আসামি করে পৃথক অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

হত্যা মামলায় ৪১ জনকে ও ইমারত নির্মাণ আইনের মামলায় ১৮ জনকে আসামি করা হয়েছে। এ হিসাবে দুই মামলার আসামি ৫৯ জন। কিন্তু তাঁদের মধ্যে ১৭ জনের নাম উভয় মামলার অভিযোগপত্রে থাকায় ব্যক্তি হিসেবে আসামি ৪২ জন।

২০১৩ সালের ২৪ এপ্রিল ধসে পড়ে সাভারের রানা প্লাজা। দেশের ইতিহাসে ভয়াবহ এই শিল্প দুর্ঘটনায় হাজারো মানুষ নিহত হন। আহত ও পঙ্গু হয়ে যান প্রায় দুই হাজার মানুষ।