রানা প্লাজা ধস, হত্যা মামলায় বাদীর জবানবন্দি রেকর্ড শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানা প্লাজা ধস
ফাইল ছবি

রানা প্লাজা ধসের ঘটনায় করা হত্যা মামলায় বাদীর জবানবন্দি রেকর্ড শেষ হয়েছে। শুরু হয়েছে আসামিপক্ষ থেকে বাদীকে জেরা করা। ২০ মার্চ পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন আদালত। ঢাকার জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া আজ বুধবার এই দিন ধার্য করেন।

প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বিমল সমাদ্দার। সাভার থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) ওয়ালী আশরাফ এই মামলার বাদী।

২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজায় ভয়াবহ ধসে ১ হাজার ১৩৫ জন শ্রমিক মারা যান। ওই ঘটনায় রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে হত্যা মামলা হয়। ওই মামলায় ২০১৬ সালের ১৮ জুলাই সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগ গঠনের প্রায় পাঁচ বছরের মাথায় গত ৩১ জানুয়ারি শুরু হয় সাক্ষ্য গ্রহণ ।

রানা প্লাজা ধসের জন্য ছয়জন সরকারি কর্মকর্তাকে অভিযোগপত্রভুক্ত আসামি করার অনুমতি না পাওয়ায় মামলাটি তিন বছর ঝুলে ছিল। সে সময় জনপ্রশাসন ও শ্রম মন্ত্রণালয়ের যুক্তি ছিল, যাঁরা বড় অপরাধ করেননি, তাঁদের অভিযোগপত্রভুক্ত আসামি করার অনুমতি তারা দিতে পারবে না। শেষ পর্যন্ত সরকারের অনুমোদন না পাওয়া গেলেও তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

অভিযোগপত্রে বলা হয়, ২০১৩ সালের ২৩ এপ্রিল সকাল সাড়ে ৯টায় সাভারের রানা প্লাজা ভবনের তৃতীয় তলায় পিলার ও দেয়ালে ফাটল দেখা দেয়। খবর পেয়ে বিজিএমইএর কর্মকর্তারা রানা প্লাজা ভবনে আসেন। গার্মেন্টসের মালিকদের পরামর্শ দেন, বুয়েটের ভবন বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা-নিরীক্ষা না করা পর্যন্ত সব কার্যক্রম যেন বন্ধ রাখা হয়। কিন্তু পাঁচ গার্মেন্টস মালিক এবং তাঁদের লোকজন ভয়ভীতি দেখিয়ে পরদিন (২৪ এপ্রিল) শ্রমিকদের কাজে যোগ দিতে বাধ্য করেন। সঙ্গে যোগ দেন রানা প্লাজা ভবনের মালিক খালেক ও সোহেল রানা। সোহেল রানা সেদিন বলেছিলেন, ‘আগামী ১০০ বছরেও রানা প্লাজা ভেঙে পড়বে না।’