রানা প্লাজা ধস: হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে
আসামিপক্ষে সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে রানা প্লাজা ধসের ঘটনায় হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। আগামী ২২ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। ঢাকা জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান এই দিন ধার্য করেন।
২০১৩ সালের ২৪ এপ্রিল ধসে পড়ে সাভারের রানা প্লাজা। ভবনের নিচে চাপা পড়েন সাড়ে পাঁচ হাজার পোশাকশ্রমিক। ওই ঘটনায় ১ হাজার ১৩৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আহত ও পঙ্গু হন প্রায় দুই হাজার শ্রমিক। ধ্বংসস্তূপের নিচ থেকে ২ হাজার ৪৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়।
এ ঘটনায় সাভার থানার উপপরিদর্শক (এসআই) ওয়ালী আশরাফ ভবন নির্মাণে অবহেলা ও ত্রুটির কারণে হত্যা মামলা করেন। ২০১৫ সালের ২৬ এপ্রিল রানা প্লাজার মালিক সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। গত ১৮ জুলাই এ মামলায় অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত।
এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন সোহেল রানার বাবা আবদুল খালেক, রানার মা মর্জিনা বেগম, সাভার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কমিশনার হাজি মোহাম্মদ আলী, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক (আর্কিটেকচার ডিসিপ্লিন) এ টি এম মাসুদ রেজা, প্রকৌশলী সাজ্জাদ হোসাইন, সাভার পৌরসভার মেয়র মো. রেফাতউল্লাহ, সাভার পৌরসভার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, সাবেক উপসহকারী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেল, সাভার পৌরসভার সাবেক টাউন প্ল্যানার ফারজানা ইসলাম, লাইসেন্স পরিদর্শক মো. আবদুল মোত্তালিব, পৌরসভার সাবেক সচিব মর্জিনা খান, সাবেক সচিব মো. আবুল বাশার, ফ্যানটম অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ আমিনুল ইসলাম, নিউওয়েব বটমস লিমিটেডের এমডি বজলুস সামাদ ও ইথার টেক্স লিমিটেডের চেয়ারম্যান মো. আনিসুর রহমান।