রানা প্লাজা ধসে অধিকতর তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় ইমারত আইনের করা মামলায় অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ এম এ আতাউর রহমান এ আদেশ দেন।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অধিকতর তদন্ত করে তদন্ত প্রতিবেদন আগামী ৮ মের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের ওই আদেশে বলা হয়, রানা প্লাজা ভবন নির্মাণে এবং নকশা অনুমোদনের ক্ষেত্রে যারা যারা জড়িত ওই সময়ের কোনো ব্যক্তিকে এই মামলায় সম্পৃক্ত করা হয়নি। তাদের বিষয়ে তদন্তও হয়নি। আদালতে দাখিল করা মামলার কাগজপত্র পর্যালোচনায় এটা প্রতীয়মান হয়েছে যে, রানা প্লাজা ভবন নির্মাণে জাল জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছিল। ঘটনার সঠিক তদন্ত করলে সে বিষয়গুলো বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে পড়ে। এতে সহস্রাধিক মানুষ নিহত হন। রানা প্লাজা ধসের পর অভিযোগ ওঠে, ছয়তলার অনুমোদন নিয়ে ভবনটি নয়তলা করা হয়েছে ৷ রানা প্লাজা ধসের ঘটনায় রাজউকের একটিসহ মোট পাঁচটি মামলা হয় ৷ রাজউকের করা মামলাটি তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত (সিআইডি) বিভাগ ৷ পাশাপাশি দুদকও এ ঘটনায় অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়৷