রানা প্লাজা ধসে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি
সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার বিকেলে ধসে পড়ে রানা প্লাজার সামনে এক সমাবেশে তাঁরা এ দাবি জানান।
সমাবেশে গার্মেন্টস শ্রমিক সংহতির সমন্বয়ক তাসলিমা আখতার বলেন, রানা প্লাজা ধসের ঘটনার ৩২ মাস পার হলেও জড়িতদের শাস্তি নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় যাদের অভিযুক্ত করা হয়েছে তাঁদের অনেকেই পলাতক। অনেকে আবার কর্মস্থলে উপস্থিত হয়ে কাজও করছেন। তিনি অভিযোগ করেন, সরকারি কর্মকর্তাদের মামলায় সম্পৃক্ত করতে মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়া, দোষীদের জামিন পাওয়া এবং কয়েকজন আসামি পলাতক থাকা—এ সবই ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তি দেওয়ার প্রক্রিয়ায় সরকারের নেতিবাচক ভূমিকার ইঙ্গিত।
গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক জুলহাস নাইন বলেন, রানা প্লাজা ধসের ঘটনায় অভিযুক্তদের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
সমাবেশে রানা প্লাজা ধসের পর নিখোঁজ শ্রমিক খালেদা আক্তারের মা আয়েশা বেগম অভিযোগ করেন, তাঁর পরিবার কোনো ক্ষতিপূরণ বা অনুদান পায়নি।
নিখোঁজ রোজিনা আক্তারের মা আমরিন বেগমের অভিযোগ, মাত্র ৯৫ হাজার টাকা অনুদান ছাড়া তাঁদের আর কোনো অনুদান বা ক্ষতিপূরণ দেওয়া হয়নি।
সমাবেশে গার্মেন্টস শ্রমিক সংহতির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক মুসা কলিমুল্লাহ এবং রানা প্লাজা ধসে নিহত কয়েকজন শ্রমিকের স্বজনেরা বক্তব্য দেন।