রানা প্লাজা ধসে আহত দুই ব্যক্তির মৃত্যু
সাভারে রানা প্লাজা ধসে আহত দুজন গত দুই দিনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আশরাফুল ইসলাম (১৯) নামের এক যুবক। অপরদিকে গত শুক্রবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান আঞ্জুয়ারা (১৮) নামের এক নারী।ঢাকা জেলা প্রশাসন সূত্র এসব তথ্য নিশ্চিত করে জানায়, এ নিয়ে ভবনধসের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল এক হাজার ১২৯ জনে।
আশরাফুলের ভাই মো. খোকন সাংবাদিকদের বলেন, রানা প্লাজায় নিউ ওয়েভ বটমস নামের পোশাক কারখানায় চাকরি করতেন আশরাফুল। গত শুক্রবার তাঁর অস্ত্রোপচারও হয়েছে। গতকাল শনিবার বেলা একটার দিকে আশরাফুল মারা যান।
পারিবারিক সূত্র জানায়, আশরাফুলের গ্রামের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ঝাউগাই গ্রামে। তাঁর বাবা ইউনুস আলী।
ঢাকা মেডিকেল সূত্র জানায়, ওই ধসের ঘটনায় আহত আরও ১৪ জন ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।এদিকে গত শুক্রবার রাত ১০টার দিকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আঞ্জুয়ারা মারা যান। তাঁর গ্রামের বাড়ি নড়াইলের লোহাগাড়ায়। বাবা সুলতান মোল্লা। গত ২৯ এপ্রিল ধ্বংসস্তূপ থেকে তাঁকে উদ্ধারের পর ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।