রানা প্লাজা ধসে ইমারত আইনের মামলায় বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় ইমারত আইনের মামলায় প্রধান আসামি ওই ভবনের মালিক সোহেল রানাসহ ১৮ জনের বিরুদ্ধে বিচার শুরু করার আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।

ওই আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আনোয়ারুল কবির বাবুল প্রথম আলোকে বলেন, আগামী ২৩ আগস্ট এ মামলায় সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করা হয়েছে। মামলার মোট ১৮ আসামির মধ্যে পাঁচজন পলাতক। জামিনে আছেন ১০ জন। সোহেল রানাসহ তিন আসামি কারাগারে। আজ অভিযোগ গঠনের শুনানির সময় ১৩ জন আদালতে উপস্থিত ছিলেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হলে তাঁরা নিজেদের নির্দোষ দাবি করেন।

পিপি বলেন, সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় পৃথক দুটি মামলা হয়। একটি দণ্ডবিধি আইনে ও অন্যটি ইমারত আইনে। দণ্ডবিধি আইনে করা মামলাটিও অভিযোগ গঠনের শুনানির পর্যায়ে রয়েছে।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড-সংলগ্ন রানা প্লাজা ধসে সহস্রাধিক মানুষ প্রাণ হারান। এরপর ভবন ধসে প্রাণহানির ঘটনায় হত্যার অভিযোগে একটি, ইমারত বিধি না মেনে রানা প্লাজা নির্মাণের অভিযোগে একটি এবং দুদকের পক্ষ থেকে ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগে আরেকটি মামলা করা হয়।