রানা প্লাজা ধসে প্রকৃত নিখোঁজ ২৬১ জন
সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় ৩২৯ জনের তালিকা সেনাবাহিনীর নিজস্ব ব্যবস্থাপনায় যাচাই-বাছাইয়ের পর ২৬১ জনকে প্রকৃত নিখোঁজ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নিখোঁজ ২৬১ জনের তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৬ মে আদালতের নির্দেশে রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত কর্মীদের ক্ষতিপূরণের হার নির্ধারণের জন্য ৯ পদাতিক ডিভিশনের জিওসিসহ সংশ্লিষ্টদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি গত ২৯ আগস্ট একটি বৈঠক করেছে। বৈঠকে ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এম এম আকাশকে সভাপতি করে ক্ষতিপূরণের হার নির্ধারণ উপকমিটি এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল সেবা) অধ্যাপক এ বি এম আবদুল হান্নানকে সভাপতি করে স্বাস্থ্যগত পর্যায় নির্ধারণী উপকমিটি নামে দুটি উপকমিটি গঠন করা হয়।