রানা প্লাজা ধসে স্বজন হারানো কিছু শিশুর নতুন ঠিকানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে অরকা হোমসের পরিচর্যায় বেড়ে উঠছে রানা প্লাজা ট্র্যাজেডিতে হতাহত পোশাক কারখানার কর্মীদের ছেলেরা। সম্প্রতি দক্ষিণ পতেঙ্গার ডেলপাড়ায়।  ছবি: প্রথম আলো
চট্টগ্রামে অরকা হোমসের পরিচর্যায় বেড়ে উঠছে রানা প্লাজা ট্র্যাজেডিতে হতাহত পোশাক কারখানার কর্মীদের ছেলেরা। সম্প্রতি দক্ষিণ পতেঙ্গার ডেলপাড়ায়। ছবি: প্রথম আলো
>
  • হতাহত নারী পোশাককর্মীদের ১০ সন্তান আছে চট্টগ্রামে অরকা হোমসে।
  • গাইবান্ধার অরকা হোমসে আছে হতাহত নারী শ্রমিকের ২৩ ছেলে ও ২১ মেয়ে।
  • রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রদের সংগঠনের নাম ‘অরকা’
  • চট্টগ্রাম ও গাইবান্ধায় অরকা দুটি আশ্রয়কেন্দ্র গড়ে তুলেছে।


অন্তত মায়ের লাশ পাওয়া যাবে, এই আশায় রানা প্লাজার ধ্বংসস্তূপের পাশে বসে থাকত আট বছরের সাকিব মুন্সি। ১৭ দিনের মাথায় তার মায়ের লাশ খুঁজে পাওয়া যায়। পচে-গলে যাওয়া সেই লাশ দেখে প্রথমে চিনতে পারেনি শিশুটি। পরে হাতের চুড়ি আর পরনের শাড়ির কিছু অংশ দেখে মাকে চিনেছিল সে। অন্ধকার নেমে আসা সেই সময়ে সাকিবদের পরিবারের পাশে দাঁড়ায় রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রদের সংগঠন ‘অরকা’ (ওল্ড রাজশাহী ক্যাডেটস অ্যাসোসিয়েশন)।

সাকিব আর তার ছোট ভাই মো. সজীবের ঠাঁই হয় চট্টগ্রামে ‘অরকা হোমস’-এ। শুধু আশ্রয় নয়, এখানে এসে দুই ভাই পেয়েছে নতুন করে জীবন শুরু করার প্রেরণা। সুন্দর পরিবেশে থাকা-খাওয়ার ব্যবস্থা, ভালো স্কুলে পড়াশোনার সুযোগ। শোকের অতীত ছাপিয়ে সাকিব এখন নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে সপ্তম শ্রেণিতে পড়ছে। দৃঢ় কণ্ঠে সে এখন বলতে পারছে, ‘লেখাপড়া শেষ করে ভালো একটা চাকরি করব, ছোট ভাইটাকে মানুষ করব।’

দুস্থ ও এতিম শিশুদের জন্য চট্টগ্রাম ও গাইবান্ধায় দুটি আশ্রয়কেন্দ্র গড়ে তুলেছে অরকা। দুটি আশ্রয়কেন্দ্রের নামই অরকা হোমস। চট্টগ্রামের হোমসে রয়েছে ৩০ শিশু। এর মধ্যে রানা প্লাজা ধসে হতাহত নারী পোশাককর্মীদের সন্তান ১০ জন। আর গাইবান্ধায় আশ্রয় পেয়েছে রানা প্লাজায় হতাহত নারী শ্রমিকের ২৩ ছেলে ও ২১ মেয়ে। ২০১৩ সালের ২৪ এপ্রিল ঢাকার সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৮ জনের বেশি শ্রমিক প্রাণ হারান। দুর্ঘটনায় হাজারো শ্রমিক আহত হন।

চট্টগ্রামে অরকা হোমসে সাকিবের সঙ্গে থাকে আরেক ‘দুর্ভাগা’ আতিকুল ইসলাম ওরফে নয়ন (১৭)। রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচ থেকে তার মাকে অবশ্য জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তবে মেরুদণ্ড, ঘাড়, হাত ও পায়ের অঘাতের কারণে সারা জীবনের জন্য চলাফেরা করার শক্তি হারিয়েছেন তিনি। সান্ত্বনা বলতে তিনি শুধু বেঁচে আছেন। ৯ এপ্রিল অরকা কার্যালয়ে এই কিশোরের সঙ্গে কথা হয়। স্বতঃস্ফূর্ত কিশোরটিকে দেখে কে বলবে কী দুর্বিষহ অতীত রয়েছে তার। নিঃসংকোচে গেয়ে শোনাল রবীন্দ্রসংগীত, ‘আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী...।’

একদিকে মাতম, অন্যদিকে দিনমজুর বাবার আর্থিক দুরবস্থার কারণে পাঁচ বছর আগে নয়নের ভবিষ্যৎ নিয়ে ভাবার মতো অবস্থা তার পরিবারের ছিল না। এ রকম সময়ে সে ও তার ছোট ভাই রাজিদুল ইসলাম কিরনের (৮) মাথার ওপর ছায়া দেয় অরকা। দুই ভাই-ই এখন ভালো আছে।

চট্টগ্রামের দক্ষিণ পতেঙ্গার ডেলপাড়ায় টিনের ছাউনি আর পাকা দেয়ালের তৈরি অরকা হোমস ভবন। ইংরেজি ‘ইউ’ আকৃতির এই ভবনে ১০টি সুপরিসর কক্ষ রয়েছে। ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় এ হোমস। প্রচলিত দুস্থ আশ্রয়কেন্দ্রের ধারণার সঙ্গে এর কোনো মিল নেই। এখানে থাকা শিশু-কিশোরদের পোশাক-পরিচ্ছদ এবং চলাবলায়ও সুরুচির ছাপ স্পষ্ট। এখানে থাকা শিশু-কিশোরের সবাই পড়াশোনা করছে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ এবং পতেঙ্গা স্কুলে। শিশু-কিশোরদের দেখভালের জন্য একজন তত্ত্বাবধায়ক রয়েছেন। তাদের জন্য রাখা হয়েছে গৃহশিক্ষক। রয়েছেন শরীরচর্চার শিক্ষকও। ধর্ম শিক্ষার ব্যবস্থাও রয়েছে।

অরকার চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি, ওয়েস্টার্ন মেরিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াৎ হোসেন প্রথম আলোকে বলেন, সমাজে যাঁরা প্রতিষ্ঠিত, তাঁদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। এই দায়বোধ থেকেই অরকা হোমসের যাত্রা। ভবিষ্যতে নিজস্ব জমির ওপর ভবন নির্মাণ করে আরও বড় পরিসরে হোমসের কার্যক্রম পরিচালনার স্বপ্ন তাঁদের রয়েছে। তিনি বলেন, এখানকার শিশুরা যেদিন সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, সেদিনই তাঁদের উদ্দেশ্য সফল হবে।

দেশ-বিদেশে থাকা অরকার সদস্যদের আর্থিক সহায়তার ভিত্তিতেই মূলত দুটি আশ্রয়কেন্দ্রের ব্যয় মেটানো হয়। রপ্তানিমুখী তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ চট্টগ্রামের অরকা হোমসের শিশুদের জন্য প্রতি মাসে ৫০ হাজার টাকা করে বরাদ্দ দেয়। এ ছাড়া নৌবাহিনীর কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রামের দানশীল ব্যক্তিরাও নিয়মিত সাহায্য করে থাকেন। কিন্তু তাঁরা নাম-পরিচয় প্রকাশ করতে চান না।

অরকার চট্টগ্রাম চ্যাপ্টারের সাধারণ সম্পাদক পতেঙ্গার বিএন অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এস আই এম জাহানইয়ার প্রথম আলোকে বলেন, লেখাপড়া শেষ করার পর মেধা ও সামর্থ্য অনুযায়ী ছেলেদের কর্মসংস্থানের চেষ্টা করে যাবেন তাঁরা।

রানা প্লাজা ট্র্যাজেডি সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল কিছু স্বার্থপর, অর্থলোভী মানুষের দায়িত্বহীনতার চিত্র। এর উল্টো চিত্রও রয়েছে। শোকাতুর দুস্থ শিশুদের প্রতি স্নেহ-ভালোবাসার হাত বাড়িয়ে দিয়ে তাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিয়েছেন কিছু হৃদয়বান মানুষ।