রানা প্লাজা ধসের ঘটনায় ওয়ার্ড কাউন্সিলর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উপকণ্ঠ সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় মোহাম্মদ আলী নামের একজন ওয়ার্ড কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ বুধবার বিকেলে রাজধানীর সিআইডি কার্যালয়ে নিয়ে তাঁকে আটক করা হয়।

সিআইডি সূত্র জানায়, রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের হওয়া মামলায় সাভারের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আলীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁর বাসা সাভারের শাহীবাগে।
ভবনধসের ঘটনায় রানা প্লাজার মালিক সোহেল রানাসহ এ নিয়ে ১২ জন গ্রেপ্তার হলেন। মামলার তদন্ত করছে সিআইডি।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান বলেন, ভবনটি ছয়তলা পর্যন্ত নির্মাণের অনুমোদন ছিল বলে জিজ্ঞাসাবাদে সিআইডিকে জানান মোহাম্মদ আলী। কিন্তু তিনি তা ১০ তলার অনুমোদন দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন। তা ছাড়া ভবনটির অবৈধ অংশ নির্মাণের জন্য তিনি পৌরসভা প্রকৌশলীদের প্রভাবিত করেন বলেও সিআইডিকে জানান।
সিআইডি কর্মকর্তাদের বরাত দিয়ে মাসুদুর রহমান আরও বলেন, ভবন ধসে পড়ায় মোহাম্মদ আলীর ভূমিকা ছিল।
গত ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড-সংলগ্ন নয়তলা রানা প্লাজা ধসে পোশাকশ্রমিকসহ এক হাজার ১৩১ জন মানুষ মারা যান। এ ঘটনায় সহস্রাধিক মানুষ আহত হন।