রানা প্লাজা ধসের পরও শ্রমিকের জীবনের উন্নতি ঘটেনি, আলোচনা সভায় বক্তারা

রানা প্লাজা ধসের পর তৈরি পোশাক মালিকেরা আশঙ্কা করেছিলেন, তাঁরা আন্তর্জাতিক ক্রেতা হারাবেন। কিন্তু গত পাঁচ বছরে এ খাতে প্রবৃদ্ধি বেড়েছে। বেশ কিছু তৈরি পোশাক কারখানায় শ্রমিকের কর্মপরিবেশের নিরাপত্তা উন্নয়নে পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এখনো বহু কারখানায় নিরাপত্তাঝুঁকি রয়েছে। সামগ্রিকভাবে এ খাতের শ্রমিকের জীবনমান খুব বেশি বাড়েনি।
আজ সোমবার বিকেলে রাজধানীর ডেইলি স্টার সেন্টারে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তরা এসব কথা বলেন।
‘রানা প্লাজা ধসের পাঁচ বছর: অভিজ্ঞতা, অর্জন ও করণীয়’ শিরোনামে যৌথভাবে গোলটেবিলের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) ও ইংরেজি দৈনিক ডেইলি স্টার।
বৈঠকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বিলসের মহাসচিব নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা আনন্দিত যে রানা প্লাজায় নিহত ব্যক্তির পরিবার ও আহত ব্যক্তিরা ভালো পরিমাণ ক্ষতিপূরণ পেয়েছেন। দেশে ও দেশের বাইরে শ্রমিক সংগঠন, ক্রেতাদের সংগঠন ও দেশের সরকার মিলে ক্ষতিপূরণের বিষয়টি নিশ্চিত করতে পেরেছেন। কিন্তু রানা প্লাজার পরও দেশের শ্রমিকের অবস্থার খুব বেশি পরিবর্তন হয়নি। এখনো তৈরি পোশাকশিল্পে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করতে বাধা দেওয়া হচ্ছে। সুষ্ঠু ট্রেড ইউনিয়ন থাকলে শ্রমিকের স্বার্থ রক্ষা হয়।
শ্রমিক নিরাপত্তা ফোরামের আহ্বায়ক হামিদা হোসেন বলেন, মালিকেরা যদি তৈরি পোশাক কারখানার শুধু মুনাফার কথা চিন্তা না করে শ্রমিককে মানুষ ভাবেন, তাহলে এ খাতে রানা প্লাজার মতো ঘটনা ঘটবে না। কীভাবে রানা প্লাজা সাততলা থেকে নয়তলা ভবন হলো—কারণ রানা ক্ষমতাসীন দলের নেতা। এসব অনিয়ম দ্রুত বন্ধ করতে হবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খান বলেন, তৈরি পোশাকশিল্প ছাড়াও দেশে অনেক ধরনের শিল্প-কারখানা হচ্ছে। এসব বহু কারখানায় ঝুঁকি থেকে যাচ্ছে। এসব ঝুঁকি মোকাবিলা রোধে শিল্প-কারখানার মালিকদের যথাযথ আইন মেনে কারখানা নির্মাণ করতে হবে। আইন মেনে কারখানা স্থাপন করলে ঝুঁকি অনেকাংশে হ্রাস।
পোশাকশিল্প প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সহসভাপতি মোহাম্মদ নাসির বলেন, রানা প্লাজা ধসের পর আন্তর্জাতিক বাজারে বলা হয়েছিল বাংলাদেশের পোশাকের সঙ্গে রক্ত লেগে আছে, এ পণ্য বয়কট করতে হবে। কিন্তু আমরা সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছি। এখন অধিকাংশ তৈরি পোশাক কারখানায় শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ফলে আমাদের দেশে আন্তর্জাতিক ক্রেতারা আসছেন। শুধু মালিকদের অভিযুক্ত করলে হবে না। আমরা যে অনেক উন্নতি করেছি, সেটিও বলতে হবে।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন বলেন, রানা প্লাজায় বহু মানুষ নিহত হয়েছে বলে আলোড়ন সৃষ্টি হয়েছে। অথচ ট্রাম্পকোসহ সাম্প্রতিক সময় বহু ঘটনায় শ্রমিক নিহত হয়েছে, সেগুলো খুব বেশি আলোচনায় আসেনি। রানা প্লাজা ধসের পর মালিকদের আন্তর্জাতিক ক্রেতারা মুখ ফিরিয়ে নেয়নি বরং ব্যবসা বেড়েছে। অথচ শ্রমিকের জীবনের মানোন্নয়ন ঘটেনি। কম্বোডিয়া বাংলাদেশ থেকে পিছিয়ে থাকা দেশের শ্রমিক কল্যাণ তহবিল রয়েছে, বাংলাদেশের সেটি নেই।
শ্রমিকনেতা রায় রমেশ চন্দ্র বলেন, রানা প্লাজার নিচে একটি বেসরকারি ব্যাংক ছিল। ভবনের অবস্থা খারাপ দেখে তারা সেটি বন্ধ করে দিয়েছে। কিন্তু শ্রমিকদের বাধ্য করা হয়েছে সেখানে গিয়ে কাজ করতে। যদি শক্তিশালী ট্রেড ইউনিয়ন থাকত, তাহলে কিন্তু জোর করে শ্রমিকদের দিয়ে কাজ করানো সম্ভব হতো না। তবে শুধু তৈরি পোশাকশিল্পেই নয়, দেশের সব ধরনের শিল্পে শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিতে হবে।
বৈঠকে সভাপতিত্ব করেন বিলসের ভাইস চেয়ারম্যান, জাসদের সাধারণ সম্পাদক সাংসদ শিরিন আখতার। বক্তব্য দেন বিলসের যুগ্ম মহাসচিব ওয়াজেদুল ইসলাম, সাবেক শ্রম ও কর্মসংস্থানসচিব মিকাইল শিপার, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ঢাকা অফিসের ইনচার্জ গগন রাজভান্ডারি প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালন করেন বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ।