রানা প্লাজা ধসের মামলায় পৌর মেয়র কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানা প্লাজা ধসের ঘটনায় করা ইমারত আইনের মামলায় সাভার পৌরসভার মেয়র রেফাত উল্লাহর জামিনের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাজী শহিদুল ইসলাম এ আদেশ দেন।

এর আগে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক বিজয় কৃষ্ণ কর আসামিকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। তবে আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া জামিনের আবেদন করেন। এতে বলা হয়, আসামি একজন আইন মান্যকারী ও বয়স্ক ব্যক্তি। তিনি একজন পৌর মেয়র। জামিনে গেলে আসামি পলাতক হবেন না। শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবেদন নাকচ করে দেন।

গত ২৩ এপ্রিল রানা প্লাজায় ফাটল দেখা দেয়। এতে ভবনটির চারতলা পর্যন্ত বিভিন্ন অফিস ও দোকান মালিক কর্তৃপক্ষ তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। তবে পোশাক কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো গুরুত্বই দেয়নি।

পরে ২৪ এপ্রিল সকালে পোশাক কারখানার শ্রমিকেরা কারখানায় কাজ শুরু করার পরপরই এ দুর্ঘটনা ঘটে। এতে এক হাজারের বেশি শ্রমিকের মৃত্যু হয়। ওই ঘটনায় ইমারত আইন ও হত্যার অভিযোগে দুটি মামলা করা হয়।