রানা প্লাজা ধসে হত্যা মামলার ২৪ আসামির বিরুদ্ধে পরোয়ানা
রানা প্লাজা ধসের ঘটনায় করা হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করে পলাতক ২৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আগামী ২৭ জানুয়ারি এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আজ সোমবার ঢাকার জ্যেষ্ঠ বিচারক হাকিম আল আমিন এ আদেশ দেন।
সরকারি কৌঁসুলি আনোয়ারুল কবির প্রথম আলোকে বলেন, গত ১ জুন রানা প্লাজা ধসের ঘটনায় করা মামলায় পুলিশ ৪১ জনের বিরুদ্ধে আদালতে
অভিযোগপত্র দেয়। সেই অভিযোগপত্র আজ আদালত গ্রহণ করে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এই মামলায় ১৬ আসামি জামিনে আছেন। মামলার প্রধান আসামি সোহেল রানা কারাগারে।
চলতি বছরের ১ জুন হত্যা ও ইমারত নির্মাণ আইনে সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে পৃথক অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আসামির মধ্যে ২৪ জন পলাতক আছেন।
২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়ে সহস্রাধিক পোশাকশ্রমিক প্রাণ হারান। ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে দুই হাজার ৪৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই বছরের ২৫ এপ্রিল সাভার থানায় দুটি মামলা করা হয়।