রানা প্লাজা ধসের ৯ বছর পর সাক্ষ্য গ্রহণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানা প্লাজা ধসে মারা যান ১ হাজার ১৩৫ জন শ্রমিক
ফাইল ছবি

রানা প্লাজা ধসের প্রায় ৯ বছর পর হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী ও সাভার থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) ওয়ালী আশরাফ। ঢাকা জেলা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া বাদীর জবানবন্দি রেকর্ড করেন। ১৬ ফেব্রুয়ারি মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ঠিক করেছেন আদালত।

প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) বিমল সমাদ্দার।
২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজায় ভয়াবহ ধসে ১ হাজার ১৩৫ জন শ্রমিক মারা যান। ওই ঘটনায় রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে হত্যা মামলা হয়। ওই মামলায় ২০১৬ সালের ১৮ জুলাই সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগ গঠনের পাঁচ বছর পর সাক্ষ্য গ্রহণ শুরু হলো।

পিপি বিমল সমাদ্দার বলেন, এই মামলায় অভিযোগ গঠনের আদেশকে চ্যালেঞ্জ করে কয়েকজন আসামি উচ্চ আদালতে আবেদন করেন। এর মধ্যে ছয়জনের পক্ষে উচ্চ আদালতের স্থগিতাদেশ আসে। এরপর তা উঠিয়ে নেওয়া হয়। বর্তমানে সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী খানের পক্ষে স্থগিতাদেশ রয়েছে। এ ব্যাপারে পদক্ষেপ নিতে অ্যাটর্নি জেনারেল অফিসকে জানানো হয়েছে। আদালতে আজ হত্যা মামলার বাদীর সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

এর আগে রানা প্লাজা ধসের জন্য ছয়জন সরকারি কর্মকর্তাকে অভিযোগপত্রভুক্ত আসামি করার অনুমতি না পাওয়ার কারণে তিন বছর ঝুলে ছিল এই মামলা। সে সময় জনপ্রশাসন ও শ্রম মন্ত্রণালয়ের যুক্তি ছিল, যাঁরা বড় অপরাধ করেননি, তাঁদের অভিযোগপত্রভুক্ত আসামি করার অনুমতি দিতে পারবে না তারা। শেষ পর্যন্ত সরকারের অনুমোদন না পাওয়া গেলেও তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

অভিযোগপত্রে বলা হয়, ২০১৩ সালের ২৩ এপ্রিল সকাল সাড়ে নয়টায় সাভারের রানা প্লাজা ভবনের তৃতীয় তলায় পিলার ও দেয়ালে ফাটল দেখা দেয়। খবর পেয়ে বিজিএমইএর কর্মকর্তারা রানা প্লাজা ভবনে আসেন। গার্মেন্টসের মালিকদের পরামর্শ দেন, বুয়েটের ভবন বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা-নিরীক্ষা না করা পর্যন্ত সব কার্যক্রম যেন বন্ধ রাখা হয়। কিন্তু পাঁচ গার্মেন্টস মালিক এবং তাঁদের লোকজন ভয়ভীতি দেখিয়ে পরদিন (২৪ এপ্রিল) শ্রমিকদের কাজে যোগ দিতে বাধ্য করেন। এর সঙ্গে যোগ দেন রানা প্লাজা ভবনের মালিক খালেক ও সোহেল রানা। সোহেল রানা সেদিন বলেছিলেন, ‘আগামী ১০০ বছরেও রানা প্লাজা ভেঙে পড়বে না।’

এ মামলায় রানা প্লাজার মালিক সোহেল রানা কারাগারে আছেন। ৩২ জন জামিনে আছেন, পলাতক ৬ জন এবং ২ আসামি মারা গেছেন।

রানা প্লাজা ধসের ঘটনায় মামলা হয়েছে তিনটি। এর মধ্যে একটি হত্যা মামলা। একটি হয়েছে ইমরাত নির্মাণ আইনে। আর অপরটি ভবনের নকশা-সংক্রান্ত দুর্নীতির অভিযোগে। তবে একটি মামলারও বিচার শেষ হয়নি।