রানা প্লাজা নির্মাণে দুর্নীতির মামলার বিচারকাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে রানা প্লাজা নির্মাণসংক্রান্ত দুর্নীতির মামলায় ওই ভবনের কর্ণধার সোহেল রানাসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। গতকাল রোববার ঢাকার বিভাগীয় বিশেষ বিচারক আতোয়ার রহমান এই আদেশ দেন।

আদালত আগামী ৫ জুলাই এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। অভিযোগপত্রভুক্ত ১৮ আসামির মধ্যে বাকি আট আসামিকে মামলার দায় থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচারকাজ শুরু হলো।

ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগে দুদক এই মামলা করে। দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচারকাজ শুরু হলো। এ ছাড়া রানা প্লাজা ধসের ঘটনায় করা হত্যা এবং ইমারত আইনে করা দুটি মামলায় ইতিমধ্যে বিচারকাজ শুরু হয়েছে। ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৫ জন নিহত হন। আহত হন ১ হাজার ৫২৪ জন।