রানা প্লাজা বিপর্যয়ে জড়িতরা অনুকম্পা পেতে পারেন না: বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) করা মামলায় সাভার পৌরসভার উপসহকারী প্রকৌশলী রকিবুল হাসানের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি রোববার পর্যন্ত মুলতবি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ বিষয়টি মুলতবি করেন।
শুনানিকালে বেঞ্চের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী বলেন, ওই দুর্ঘটনায় শুধু হাজার লোকের প্রাণহানি ঘটেনি, বিশ্বে বাংলাদেশের সুনামও নষ্ট হয়েছে। দেশের অর্থনীতিতে বিপর্যয় এনেছে। মানবিক এই বিপর্যয়ের সঙ্গে যারা জড়িত, তারা অনুকম্পা বা সহানুভূতি পেতে পারে না। তাদের আজীবন কারাগারে থাকা উচিত বলেও অভিমত দেন তিনি।
আদালতে রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির শুনানি করেন। রবিকুল হাসানের পক্ষে শুনানি করেন আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা।