রানা প্লাজায় উদ্ধারকারী স্কাউটদের সংবর্ধনা
সাভারে রানা প্লাজা ধসের ঘটনার পর উদ্ধারকাজে অংশ নেওয়া দেশের বিভিন্ন অঞ্চলের পাঁচজন রোভার স্কাউটকে সংবর্ধনা দিয়েছে প্রয়াস মুক্ত স্কাউটস দল নামের রাজধানীর একটি সংগঠন। গতকাল বিকেলে রাজধানীর খিলগাঁওয়ে একটি রেস্টুরেন্টে এই সংবর্ধনা ও ইফতারের আয়োজন করা হয়।
প্রয়াস মুক্ত স্কাউটস দলের সভাপতি তানভীর সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আলোচকেরা বলেন, স্কাউটদের এই সাহসী ভূমিকা দেশ তথা বিশ্ব মানুষের কাছে প্রশংসিত হয়েছে। মানুষ মানুষের জন্য এবং রোভার স্কাউটদের মূল উদ্দেশ্যই মানুষের সেবা করা। তাই রোভার স্কাউটরা দেশের বিভিন্ন জাতীয় দুর্যোগে সেবার মাধ্যমে সাহসী ভূমিকা পালন করে আসছে।
তানভীর সিরাজ প্রথম আলোকে বলেন, সংবর্ধনা হিসেবে ওই পাঁচজন রোভার স্কাউটকে একটি করে সনদ ও মেডেল দেওয়া হয়। একটি বেসরকারি ব্যাংকের সহায়তায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।