রানা প্লাজার আরও ৮ জনকে ভর্তির সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল ও আমদা বাংলাদেশ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান গতকাল শুক্রবার দ্বিতীয়বারের মতো ঢাকার সাভারের অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ে চিকিৎসা ক্যাম্প করে রানা প্লাজা ধসে আহত কমপক্ষে ৭০০ জনকে চিকিৎসা সেবা দেয়। তাঁদের মধ্যে আটজনকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।রানা প্লাজা ধসে মেরুদণ্ডে আঘাত পেয়েছিলেন কুমিল্লার চৌদ্দগ্রামের সালমা বেগম। ভবনধসের সাড়ে তিন ঘণ্টা পর তাঁকে উদ্ধার করা হয়। এরপর দুই দফায় হাসপাতালে ভর্তি হয়েও টাকার অভাবে চিকিৎসা শেষ করতে পারেননি। পরে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি এখন অনেকটাই সুস্থ। সালমার মতোই আহত হওয়ার পর চিকিৎসা শেষ করতে পারেননি বীনা, নুরজাহান ও শুভ। গত ৭ জুন তাঁদের ভর্তি করা হয়েছিল রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে। এক মাসের চিকিৎসায় প্রায় সুস্থ হওয়ার পর গতকাল শুক্রবার তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। ভবন ধসে কোমরের হাঁড় ভেঙে যায় রত্নার। চার ঘণ্টা পর তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। প্রায় দেড় মাস চিকিৎসার পর গত ৪ জুন তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তিনি এখনো হাঁটতে পারেন না। গতকাল হুইল চেয়ারে করে এসেছিলেন অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ে। চিকিৎসকেরা দেখে তাঁকে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন। একইভাবে আহত হওয়ার পর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ না হয়েই বাড়িতে ছিলেন বিউটি, ঝর্না, দ্রুপদী, সুমিতা, গীতা রানী, আসাদুজ্জামান ও বুলবুলি। এই সাতজনকেও গতকাল হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে গতকালই ভর্তির জন্য নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের দু-এক দিনের মধ্যে নিয়ে যাওয়া হবে। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের পরিচালক মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ‘রানা প্লাজার ভবনধসে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য গত ৭ জুন সাভারের অধরচন্দ্র বিদ্যালয়ে চিকিৎসা ক্যাম্প করা হয়। কিন্তু সেখানে গিয়ে রোগীদের দেখে মনে হয়েছে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তাঁদের অনেককেই উন্নত চিকিৎসা দেওয়া প্রয়োজন। এ কারণে প্রথম পর্যায়ে চারজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। তাঁরা এখন সুস্থ। গতকাল আরও আটজনকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করি, তাঁরাও চিকিৎসার পর সুস্থ হয়ে উঠবেন।’