রানা প্লাজার আহত শ্রমিক বিনা নোটিশে চাকরিচ্যুত!

রানা প্লাজার আহত একজন শ্রমিক মো. বাকি বিল্লাহ অভিযোগ করেছেন, তাঁকে বিনা নোটিশে ইপিজেডের পোশাক কারখানা এফসিআই গ্রুপের তালিসমান বিডি লিমিটেড থেকে চাকরিচ্যুত করা হয়েছে। তিনি ওই প্রতিষ্ঠানে ফ্যাব্রিক ইন্সপেকশন কোয়ালিটি ডিপার্টমেন্টে জুনিয়র অফিসার হিসেবে কাজ করতেন।
বাকি বিল্লাহর ভাষ্য, রানা প্লাজায় আহত হয়ে তাঁর কর্মক্ষমতা একটু কমে গেছে। তবে ওই প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগ তা বিবেচনায় নেয়নি। হঠাৎ করে একদিন ডেকে তাঁকে পরদিন থেকে না আসতে বলা হয়।
আজ শনিবার মহাখালীর ব্র্যাক সেন্টারে রানা প্লাজা দুর্ঘটনা দিয়ে অ্যাকশন এইডের গবেষণা প্রকাশ অনুষ্ঠানে বাকি বিল্লাহ এ অভিযোগ করেন। তিনি বলেন, এই ঘটনার পর তিনি নিজের দুরবস্থার কথা জানিয়ে ওই প্রতিষ্ঠানের মালিককে মেইল করেছিলেন। এরপর মানবসম্পদ বিভাগের উপদেষ্টা আর মেইল না করার কথা বলেন। আবার মেইল করলে ওই উপদেষ্টা মামলা করার হুমকিও দেন তাঁকে।
এ সময় রানা প্লাজার আহত যেসব শ্রমিক এখন বিভিন্ন জায়গায় কাজ করছেন, তাঁদের যেন একটু সহানুভূতিশীল দৃষ্টিতে দেখা হয়—সরকারের প্রতি এই অনুরোধ জানান বাকি বিল্লাহ।
অ্যাকশন এইড প্রকাশিত গবেষণাপত্রে দেখা যায়, রানা প্লাজায় যাঁরা আহত হয়েছিলেন, তাঁদের ৪২ শতাংশ এখনো বেকার। ১২ দশমিক ৪ শতাংশ আহত শ্রমিক বলছেন, তাঁদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। প্রায় ৩০ দশমিক ৮ শতাংশ শ্রমিক বলছেন, তাঁরা এখনো মানসিকভাবে বিপর্যস্ত এবং মাত্র ১২ শতাংশ শ্রমিক বলছেন, ওই ঘটনার প্রভাব তাঁরা কাটিয়ে উঠতে পেরেছেন। তাঁরা এখন পুরোপুরি স্বাভাবিক।

অনুষ্ঠানে কয়েকজন আহত শ্রমিক অভিযোগ করেন, তাঁরা দীর্ঘমেয়াদি চিকিৎসা পাচ্ছেন না। এমন একজন শ্রমিক সাদ্দাম হোসেন। তিনি জানান, ওই দুর্ঘটনার পর পাঁচ বছরের চিকিৎসা দেওয়া হবে বলে জানানো হয় তাঁদের। অথচ দেড় বছর পর থেকেই নিজের ওষুধ কিনে খেতে হচ্ছে তাঁকে। তিনি অভিযোগ করে বলেন, ‘যেখানে চিকিৎসা পাওয়ার কথা, ওখানে ফোন দিলে কেউ ধরে না। আর সরাসরি গেলে বলে, আপনাদের কি আসতে বলেছি আমরা?’
অ্যাকশন এইডের দেশীয় পরিচালক ফারাহ কবির বলেন, রানা প্লাজা দুর্ঘটনায় বেঁচে যাওয়া ১ হাজার ৪০০ শ্রমিক ও ৬০০ জনের মতো নিহত শ্রমিকের পরিবারের সদস্যদের ওপর এই গবেষণা করা হয়েছে। তিনি বলেন, এটা খুবই দুঃখজনক, ৪২ শতাংশ শ্রমিক কাজে যোগ দিতে পারেননি। তাঁরা দারিদ্র্যের মধ্যে ঢুকে যাচ্ছেন। তাঁদের তো প্রতিদিন খেতে হয়, ওষুধ কিনতে হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আনোয়ারুল্লাহ, আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন হামিদা হোসেন প্রমুখ।