রানা প্লাজার ঘটনায় শ্রমিকদের ঠকানো হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানা প্লাজায় আহত শ্রমিক ও নিহত শ্রমিকদের পরিবারকে ঠকানোর চেষ্টা করছে সরকার ও মালিকপক্ষ। তহবিলে টাকা থাকার পরও তাঁদের সেই টাকা দেওয়া হচ্ছে না।রানা প্লাজায় শ্রমিক হত্যার প্রতিবাদে গতকাল শুক্রবার ঢাকা-সাভার পদযাত্রার আগে রাজধানীর বিজিএমইএ ভবনের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা এ অভিযোগ করেন। ‘সর্বস্তরের ছাত্র শিক্ষক শ্রমিক পেশাজীবী জনতা’র ব্যানারে এই সমাবেশ ও পদযাত্রার আয়োজন করা হয়।সমাবেশে অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেন, ক্ষতিপূরণ দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে সরকার ও বিজিএমইএ টাকা তুলছে। তিনি আরও বলেন, সরকার এখনো পর্যন্ত আহত, নিহত ও নিখোঁজ শ্রমিকদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি।রানা প্লাজায় শ্রমিক হত্যার প্রতিবাদে ও সাত দফা দাবিতে ওই কর্মসূচির আয়োজন করা হয়। দাবির মধ্যে আছে: দোষীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি প্রদান, নিহত ও আহত শ্রমিকদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, নিহত শ্রমিকদের পরিবারপ্রতি ৪৮ লাখ ও আহতের ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদান, রানা প্লাজায় শ্রমিককল্যাণ ট্রাস্ট ও স্মৃতিস্তম্ভ নির্মাণ, শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার এবং অবৈধ বিজিএমইএ ভবন উচ্ছেদ। সমাবেশে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক সামিনা লুৎফা, যুব ইউনিয়নের সভাপতি আবদুল্লাহ আল কাফি প্রমুখ। বেলা ১১টায় বিজিএমইএ ভবনের সামনে পদযাত্রা শুরু হয়। আয়োজকেরা ফার্মগেট ও শ্যামলীতে দুটি পথসভা করেন। বিকেলে সাভার বাজারে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। পদযাত্রায় অন্যান্যের মধ্যে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আকমল হোসেন, বিভিন্ন ছাত্র ও পেশাজীবী সংগঠনের নেতারাসহ বিভিন্ন পেশার লোকজন।