রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে আরও হাড় ও খুলি উদ্ধার
ঢাকার সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে আরও হাড়গোড় ও খুলি উদ্ধার হয়েছে। ধ্বংসস্তূপে লোহার রড ও বিভিন্ন ধরনের মালামাল কুড়াতে গিয়ে পথশিশুরা গতকাল বুধবার বিকেলে এসব পায়। সপ্তাহ খানেক আগেও বেশ কয়েকটি হাড়গোড় ও খুলি পাওয়া যায়।
সাভার মডেল থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রানা প্লাজার পেছনে ধ্বংসস্তূপে মালামাল কুড়াতে গিয়ে পথশিশুরা গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে মানুষের শরীরের বিভিন্ন অংশের ১১টি হাড় ও একটি মাথার খুলি কুড়িয়ে পায়। এরপর তারা সেগুলো রানা প্লাজার সামনে নির্মিত বেদিতে রেখে চলে যায়। খবর পেয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জব্দ তালিকা করে খুলি ও হাড়গোড়গুলো থানায় নিয়ে যান।
এসআই আলমগীর হোসেন বলেন, উদ্ধার হওয়া খুলি ও হাড়গোড় ডিএনএ পরীক্ষার জন্য আগামীকাল (আজ বৃহস্পতিবার) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেওয়া হবে।
গত বছরের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে এক হাজার ১৩৬ জন প্রাণ হারান। আহত হন সহস্রাধিক শ্রমিক। ভয়াবহ এ দুর্ঘটনার পর ১৪ মে উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়। এর পরও রানা প্লাজার পেছনে ফেলে রাখা ধ্বংসস্তূপ থেকে মাঝেমধ্যেই মাথার খুলিসহ হাড়গোড় উদ্ধার হচ্ছে।
ভবনধসের আট মাস পর গত ১৩ ডিসেম্বর প্রথম পথশিশুরা পরিত্যক্ত মালামাল কুড়াতে গিয়ে ধ্বংসস্তূপের ভেতর থেকে একটি কঙ্কাল ও মাথার খুলি কুড়িয়ে পায়। এরপর মাঝেমধ্যেই ওই ধ্বংসস্তূপের ভেতর থেকে হাড়গোড় ও মাথার খুলি পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম বলেন, রানা প্লাজার পেছনের ধ্বংসস্তূপে এখনো অনেক হাড়গোড় ও মাথার খুলি রয়েছে। এসব হাড়গোড় রানা প্লাজার বিভিন্ন কারখানার নিখোঁজ শ্রমিকদের। এর পরও সরকারের পক্ষ থেকে ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালানো হচ্ছে না।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ‘কে বা কারা এসব হাড়গোড় রানা প্লাজার সামনে সাজিয়ে রেখে চলে যায়—তা আমরা জানতে পারি না। তাই এসব হাড়গোড় ধ্বংসস্তূপ থেকে বের হচ্ছে কি না, তা আমরা নিশ্চিত নই। তার পরও ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।’