রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে আরও হাড়গোড় উদ্ধার
রাজধানীর অদূরে সাভারে ধসে পড়া রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে আজ শনিবার বিকেলে আরও হাড়গোড় পাওয়া গেছে। হাড়গোড়ের সঙ্গে একটি মানিব্যাগ ও পরনের প্যান্টসহ একজনের পরিচয়পত্র পাওয়া গেছে।
কয়েকজন পথশিশু ধ্বংসস্তূপ থেকে পরিত্যক্ত মালামাল কুড়াতে গিয়ে এসব উদ্ধার করে। খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ উদ্ধার হওয়া হাড়গোড় জব্দ করে থানায় নিয়ে যায়।
সাভার মডেল থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে পাঁচটার দিকে কয়েকজন পথশিশু ধসে পড়া ভবনের পেছনে জড়ো করে রাখা ধ্বংসস্তূপে রড ও বিভিন্ন ধরনের পরিত্যক্ত মালামাল কুড়াতে যায়। এ সময় তারা হাত-পা ও মুখমণ্ডলের অংশবিশেষসহ শরীরের বিভিন্ন অংশের ১৫টি হাড় কুড়িয়ে পায়। বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাড়গোড়সহ প্যান্ট ও মানিব্যাগ জব্দ করে থানায় নিয়ে যায়।
কয়েকজন পথশিশুর সঙ্গে কথা বলে জানা গেছে, ধ্বংসস্তূপের নিচে আরও অনেক হাড়গোড় চাপা পড়ে আছে। পুলিশি ঝামেলার কারণে তারা ওইসব হাড়গোড় উদ্ধারে সাহস পায় না। তবে পুলিশ না থাকলে সুযোগ বুঝে তারা হাড়গোড় উদ্ধার করে লোকজনদের জানিয়ে গা ঢাকা দেয়।
রানা প্লাজায় অবস্থিত পাঁচটি পোশাক কারখানার একটির শ্রমিক মাজেদ মোল্লা প্রথম আলোকে বলেন, আজ উদ্ধার হওয়া হাড়গোড়ের সঙ্গে থাকা প্যান্টের পকেটে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। পরিচয়পত্রটি মেহেরপুরের গাংনী উপজেলার জুয়েল নামে এক ব্যক্তির।
মাজেদ আরও বলেন, তাঁর স্ত্রী অ্যারিনা বেগমও ধসে পড়া রানা প্লাজার একটি কারখানায় চাকরি করতেন। তাঁর লাশও খুঁজে পাওয়া যায়নি। তাঁর স্ত্রীর মতো এখনো অনেক শ্রমিক নিখোঁজ রয়েছেন। তাঁদের হাড়গোড় বা কঙ্কাল ওই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। সরকার উদ্যোগ নিলে অথবা স্বজনদের অনুমতি দিলে সব হাড়গোড়ই উদ্ধার করা সম্ভব।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার সামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, আগামীকাল রোববার ময়নাতদন্তের জন্য হাড়গোড়গুলো ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হতে পারে।
২০১৩ সালে ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৪ জন শ্রমিক নিহত হন।