রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে আরও হাড়গোড় উদ্ধার, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে গতকাল শুক্রবার আরও হাড়গোড় ও মাথার খুলির অংশবিশেষ উদ্ধার হয়েছে। পরে উদ্ধার করা হাড়গোড় জব্দ করে পুলিশ থানায় নিয়ে যায়।
এদিকে হাড়গোড় ও মাথার খুলি উদ্ধারের খবর পেয়ে নিখোঁজ শ্রমিকদের স্বজন ও স্থানীয় লোকজন রানা প্লাজার পেছনে ভিড় জমান। এ সময় তাঁরা ধ্বংসস্তূপের ভেতরে তল্লাশির ব্যবস্থা করার দাবিতে বিক্ষোভ করেন।
সাভার মডেল থানার পুলিশ ও স্থানীয় লোকজন জানান, পথশিশুরা গতকাল দুপুর ১২টার দিকে ধসে পড়া রানা প্লাজার পেছনে ফেলে রাখা ধ্বংসস্তূপে রড ও পরিত্যক্ত মালামাল কুড়াতে গিয়ে ১০ থেকে ১২ টুকরা হাড়গোড় ও মানুষের মাথার খুলির অংশবিশেষ দেখতে পায়। কুড়িয়ে পাওয়া হাড়গোড় একটি থলের ভেতরে ভরে তারা আশপাশের লোকজনকে জানায়।
খবর পেয়ে সেখানে ভিড় জমান নিখোঁজ ব্যক্তিদের স্বজন ও স্থানীয় লোকজন। এ সময় তাঁরা ধ্বংসস্তূপে তল্লাশির দাবিতে বিক্ষোভ করেন। হাড়গোড় উদ্ধারের পর সেখানে কড়া পুলিশ পাহারা বসানো হয়েছে, যাতে কোনো পথশিশু সেখানে প্রবেশ করতে না পারে। পরে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার শামসুজ্জামান ঘটনাস্থলে গিয়ে থলেতে ভরা হাড়গোড় আর খুলি উদ্ধার করে থানায় নিয়ে যান।
রানা প্লাজার চারতলার নিখোঁজ শ্রমিক সালেহা বেগমের মা জাহেদা বেগম দাবি করেন, যাঁরা এখনো নিখোঁজ রয়েছেন আর ডিএনএ পরীক্ষায় যাঁদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, এসব তাঁদেরই হাড়গোড়।
জানতে চাইলে এসআই খন্দকার শামসুজ্জামান বলেন, উদ্ধার করা হাড়গোড় থানার মালঘরে রাখা হয়েছে। পরে জব্দ তালিকা করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে কি না জানতে চাইলে এসআই বলেন, ‘ধ্বংসস্তূপ থেকে যেসব হাড়গোড় উদ্ধার হচ্ছে, তা মানুষের কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। তাই ডিএনএ পরীক্ষার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।’