
২০১৩ সালের ২৪ এপ্রিল সকাল পৌনে নয়টায় সাভারে নয়তলা বাণিজ্যিক ভবন ‘রানা প্লাজা’ ধসে পড়ে। এতে ভবনে থাকা পাঁচ পোশাক কারখানার ১ হাজার ১৩৭ জন শ্রমিক মারা যান। আহত হন ২ হাজার ৫০০ শ্রমিক। নিহত ও আহত ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই ছিলেন নারী। তবে জাতিসংঘের নারী-বিষয়ক প্রতিবেদন বলছে, রানা প্লাজা দুর্ঘটনা বাংলাদেশের পোশাকশিল্পে ইতিবাচক পরিবর্তনে বড় ভূমিকা রেখেছে।
গত সপ্তাহে জাতিসংঘের নারী-বিষয়ক সংস্থা ইউএন উইমেন ‘প্রোগ্রেস অব দ্য ওয়ার্ল্ডস উইমেন ২০১৫-২০১৬: ট্রান্সফরমিং ইকোনমিস, রিয়েলাইজিং রাইটস’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে। সারা বিশ্বের নারীর অগ্রগতি-বিষয়ক এই প্রতিবেদনে রানা প্লাজার ঘটনা ‘আউট অব দি অ্যাশেজ’ শিরোনামে গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে। বলা হয়েছে, সাড়া জাগানো এ দুর্ঘটনার পর বাংলাদেশ সরকার শ্রম আইন পরিবর্তন এবং পোশাক কারখানায় ট্রেড ইউনিয়ন করার শর্ত সহজ করার ঘোষণা দেয়। শ্রমিকদের মজুরি বৃদ্ধিরও ঘোষণা আসে।
প্রতিবেদনে পোশাকশিল্পে নারীর অবস্থানও তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, বাংলাদেশের পোশাকশিল্প খাতে কাজ করছেন প্রায় ৪২ লাখ শ্রমিক। এঁদের ৮০ ভাগই নারী। দেশের প্রায় পাঁচ হাজার পোশাকশিল্প কারখানায় প্রতি পাঁচজন শ্রমিকের মধ্যে চারজনই নারী। তবে প্রোডাকশন লাইনে সুপারভিশনে ২০ জনের মধ্যে নারী আছেন মাত্র একজন।
প্রতিবেদনে বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তারের ছবিসহ বক্তব্য ছাপা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কল্পনা আক্তার প্রথম আলোকে বলেন, ‘রানা প্লাজার ঘটনার পর আমাদের সামনে একটি জানালা খুলে যায়। ঘটনার পর প্রায় ৫০০টি নতুন ইউনিয়ন নিবন্ধিত হওয়ার সুযোগ পেয়েছে।’ তিনি বলেন, আগে যেসব ইউনিয়ন ছিল, তাতে নেতৃত্বের জায়গায় বেশির ভাগই ছিলেন পুরুষ। এখন ইউনিয়নগুলোতে ৬৫ শতাংশ নারী এবং তাঁরা মূল নেতৃত্বের জায়গায় আছেন। ফলে আগের তুলনায় নারীরা বেশি আওয়াজ তুলতে পারছেন।
তবে কল্পনা আক্তারের কণ্ঠে কিছুটা হতাশাও আছে। তিনি বলেন, ‘ইউনিয়ন হিসেবে সনদ পেয়েছে। তবে মালিকদের সঙ্গে শ্রমিকদের যে দর-কষাকষির চুক্তি, তা তেমন অগ্রসর হয়নি। ৫০০টি ইউনিয়নের মধ্যে হাতে গোনা ৩০ থেকে ৩৫টি ইউনিয়নে এ দর-কষাকষির চুক্তি হয়েছে। তাই যে জানালাটি খুলে গেল, তা টেকসই করার জন্য সরকারের নজরদারি বাড়ানো প্রয়োজন।’
প্রতিবেদনে বলা হয়েছে, রানা প্লাজার ঘটনার পর উন্নত কর্মপরিবেশ ও ভবনে নিরাপত্তা-বিষয়ক চুক্তিতে স্বাক্ষর করেছে ২০টি দেশের ১৯০টি ব্র্যান্ড, যারা বাংলাদেশ থেকে পোশাক নেয়। এ বছর ১১০ প্রকৌশলীর একটি নেটওয়ার্ক কয়েক শ কারখানা পরিদর্শন করেছে, বহু নিরাপত্তা বিষয় চিহ্নিত করেছে এবং ১৭টি কারখানাকে বাজেয়াপ্ত ঘোষণা করেছে।
শ্রমিকদের অধিকার নিয়ে কর্মরত বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেন, ‘রানা প্লাজার ঘটনার পর দেশি-বিদেশি চাপে এ শিল্প উন্নয়নের দিকে যাত্রা শুরু করেছে। বিশেষ করে কারখানার কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিতে যথেষ্ট অগ্রগতি হয়েছে। তবে শুধু নিরাপত্তাজনিত উন্নতি করাকেই সামগ্রিক উন্নয়ন বলার সুযোগ নেই। শ্রমিকের কর্মঘণ্টা, বাসস্থান তৈরি, ইউনিয়নের ভেতরে গুণগত পরিবর্তন না এলে তাতে কোনো লাভ হবে না।’