রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে কঙ্কাল উদ্ধার
সাভারে রানা প্লাজার ভবনধসের সাড়ে সাত মাস পর ধ্বংসস্তূপের ভেতর থেকে কঙ্কাল ও মানুষের মাথার খুলি পাওয়া গেছে।
গতকাল শুক্রবার বিকেলে কয়েকজন টোকাই ধ্বংসস্তূপের ভেতর থেকে একটি মাথাবিহীন কঙ্কাল ও একটি মাথার খুলি উদ্ধার করেছে। কঙ্কালের সঙ্গে আটকে থাকা প্যান্টের পকেটে একটি পরিচয়পত্র ও মুঠোফোন নম্বর পাওয়া গেছে। পরিচয়পত্রে নাম লেখা রয়েছে ওবায়দুল। তিনি ধসে পড়া রানা প্লাজার তৃতীয় তলার নিউ ওয়েব বটমসের সুইং সহকারী। যোগদানের তারিখ লেখা রয়েছে ২০১১ সালের ৭ সেপ্টেম্বর।
কঙ্কালটির প্রায় ১০০ গজ দূর থেকে উদ্ধার হয় মাথার বিচ্ছিন্ন একটি খুলি। ভয়বহ এই ভবনধসের ঘটনায় দুজন উদ্ধারকর্মীসহ মারা যান এক হাজার ১৩৪ জন। আহত হন প্রায় আড়াই হাজার শ্রমিক। সরকারি হিসাবে নিখোঁজ ব্যক্তির সংখ্যা ৩৩২ জন। যদিও নিখোঁজ ব্যক্তির সংখ্যা আরও বেশি বলে দাবি করেন স্বজনেরা।
সাভার মডেল থানার পুলিশ ও স্থানীয় লোকজন জানান, পথশিশু সাগর (১০), জিহাদ (৯), আক্তার (১০) ও বাবুল (১২) ধসে পড়া রানা প্লাজার পেছনে রড ও উচ্ছিষ্ট সংগ্রহের সময় গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে ধ্বংসস্তূপের ভেতরে একটি মস্তকবিহীন কঙ্কাল কুড়িয়ে পায়। এর কিছুক্ষণ পর তারা একটি খুলিও কুড়িয়ে পায় সেখানে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কাল ও খুলি সংগ্রহ করে থানায় নিয়ে যায়।
সাগর ও জিহাদ জানায়, প্রথমে তারা প্রায় পচে যাওয়া একটি প্যান্টের ভেতরে আটকে থাকা কঙ্কালটি পায়। সেখান থেকে ১০০ গজ দূরে কুড়িয়ে পায় মাথার খুলি।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহীন শেখ বলেন, পরিচয়পত্র অনুযায়ী, কঙ্কালটি ধসে পড়া রানা প্লাজার তৃতীয় তলার নিউ ওয়েব বটমসের শ্রমিক ওবায়দুলের। তবে খুলিটি কার, তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। তিনি বলেন, উদ্ধার হওয়া কঙ্কাল ও মাথার খুলি ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।