রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে ফের হাড়-খুলি উদ্ধার
রাজধানীর উপকণ্ঠ সাভারে ধসে পড়া রানা প্লাজার পেছনের ধ্বংসস্তূপ থেকে আরও হাড়গোড় ও মাথার খুলি উদ্ধার করা হহয়েছে। ধ্বংসস্তূপে লোহার রড ও বিভিন্ন ধরনের মালামাল কুড়াতে গিয়ে পথ শিশুরা আজ বুধবার বিকেলে এসব হাড়গোড় পায়। সপ্তাহখানেক আগেও বেশ কয়েকটি হাড়গোড় ও খুলি পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পথশিশুরা বিকেল সাড়ে পাঁচটার দিকে মানুষের শরীরের বিভিন্ন অংশের ১১ টি হাড় ও একটি মাথার খুলি কুড়িয়ে পায়। এরপর তারা হাড়গোড় ও খুলি ধসে পড়া রানা প্লাজার সামনে নির্মিত বেদিতে নিয়ে রেখে চলে যায়। খবর পেয়ে সাভার মডেল থানার উপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জব্দ তালিকা করে খুলি ও হাড়গোড়গুলো থানায় নিয়ে যায়।
আলমগীর হোসেন বলেন, উদ্ধার হওয়া খুলি ও হাড়গোড় ডিএনএ পরীক্ষার জন্য আগামীকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হবে।
গত বছরের ২৪ এপ্রিল রানা প্লাাজা ধসে এক হাজার ১৩৬ জন প্রাণ হারান। আহত হন হাজারের বেশি শ্রমিক। ভয়াবহতম এই দুর্ঘটনার পর ১৪ মে উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়। এরপরও রানা প্লাজার পেছনে ফেলে রাখা ধ্বংসস্তূপ থেকে মাঝেমধ্যেই কঙ্কাল ও মাথার খুলিসহ হাড়গোড় উদ্ধার হচ্ছে।
এ ব্যাপারে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম বলেন, রানা প্লাজার পেছনের ধ্বংস্তূপে এখনো অনেক হাড়গোড় ও মাথার খুলি আছে। এসব হাড়গোড় রানা প্লাজার বিভিন্ন কারখানার নিখোঁজ শ্রমিকদের। এর পরও সরকারের পক্ষ থেকে ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালানো হচ্ছে না।
যোগাযোগ করা হলে সাভারের মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ‘কে বা কারা এসব হাড়গোড় রানা প্লাজার সামনে সাজিয়ে রেখে চলে যায়, তা আমরা জানতে পারিনি । তাই এসব হাড়গোড় ধ্বংসস্তূপ থেকে বের হচ্ছে কি না, তা আমরা নিশ্চিত নই। তারপরও ডিএনএ পরীক্ষার জন্য এগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। ’