রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে ফের হাড়-খুলি উদ্ধার
সাভারে রানা প্লাজার পেছনে ধ্বংসস্তূপ থেকে মানুষের আরও বেশ কিছু হাড়গোড় ও মাথার খুলির অংশবিশেষ পাওয়া গেছে। আজ মঙ্গলবার রাতে সাভার মডেল থানা পুলিশ এসব হাড়গোড় ও খুলি জব্দ করে থানায় নিয়ে গেছে।
আগামীকাল বুধবার ডিএনএ পরীক্ষার জন্য দেহের এসব খণ্ডিত অংশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।
এর আগে ভবন ধসের আট মাস পর গত ১৩ ডিসেম্বর প্রথম পথশিশুরা রড ও বিভিন্ন ধরনের পরিত্যক্ত মালামাল কুড়াতে গিয়ে ধ্বংসস্তূপের ভেতর থেকে একটি কঙ্কাল ও একটি মাথার খুলি উদ্ধার করে। কুড়িয়ে পাওয়া কঙ্কালটি ছিল ধসে পড়া রানা প্লাজার তিন তলার নিউ ওয়েব বটমসের সুইং সহকারী ওবায়দুল হকের। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার ডাকিরকান্দা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। এরপর দফায় দফায় ওই ধ্বংসস্তূপে আরও বেশ কিছু হাড়গোড় ও খুলি পাওয়া যায়।
সাভার মডেল থানা পুলিশ জানায়, আজ রাত সাড়ে সাতটার দিকে কয়েকজন পথশিশু ধ্বংসস্তূপে রড ও বিভিন্ন ধরনের পরিত্যক্ত মালামাল কুড়াতে গিয়ে তিনটি পায়ের হাড় (গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত), পাঁচটি হাতের হাড়, দুটি মাথার খুলির অংশ, একটি হাতের আঙুলের হাড়, একটি কোমরের হাড়, দুটি মেরুদণ্ডের হাড় ও একটি বুকের পাঁজরের হাড়সহ বেশ কিছু চুল উদ্ধার করে। পরে তাঁরা বিষয়টি রানা প্লাজার উদ্ধারকর্মী বাবর আলীকে জানালে তিনি সেগুলো ধসে পড়া রানা প্লাজার সামনে রেখে সাভার থানায় খবর দেন। খবর পেয়ে রাত আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা হাড়গোড় ও মাথার খুলির সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়।
উদ্ধারকর্মী বাবর আলী বলেন, ধ্বংসস্তূপের ভেতরে মাঝে মাঝে হাড়গোড় পাওয়া যাচ্ছে। এখনো অনেক হাড়গোড় ওই স্তূপের মধ্যে চাপা পড়ে আছে।
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সমন্বয়ক তাসলিমা আখতার গতকাল সোমবার রানা প্লাজার সামনে আয়োজিত এক সমাবেশে দাবি করেন, ধসে পড়া রানা প্লাজার যেসব শ্রমিক এখনো নিখোঁজ আছেন, তাঁদের হাড়গোড় ও দেহাবশেষ ওই ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে। অনতিবিলম্বে তিনি এসব উদ্ধার করে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাঁদের পরিচয় নিশ্চিত করে স্বজনদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল হাড়গোড় পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কুড়িয়ে পাওয়া এসব হাড়গোড় আইনি প্রক্রিয়ার মাধ্যমে কাল ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।