রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে মাথার খুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উপকণ্ঠ সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে আজ রোববার আবারও একটি মাথার খুলি উদ্ধার করা হয়েছে। এর আগে ১৩ ডিসেম্বর ধ্বংসস্তূপের ভেতর থেকে কঙ্কাল ও মানুষের মাথার খুলি উদ্ধার করা হয়।

সাভার মডেল থানা পুলিশ জানায়, পথশিশুরা দুপুর দেড়টার দিকে ধসে পড়া রানা প্লাজার পেছনে ধ্বংসস্তূপে ভাঙ্গা রড ও বিভিন্ন পরিত্যক্ত মালামাল সংগ্রহ করতে গিয়ে একটি মানুষের মাথার খুলি দেখতে পায়। এরপর তারা খুলিটি সংগ্রহ করে রানা প্লাজার সামনে নির্মিত স্মৃতি ফলকের সামনে রেখে চলে যায়। পরে পুলিশ খুলিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় লোকজন জানান, খুলি উদ্ধারের খবর পেয়ে কয়েক শ মানুষ সেখানে উপস্থিত হয়ে ধ্বংসস্তূপের ভেতরে তল্লাশি চালানোর দাবি জানান। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা ওই ধ্বংসস্তূপে আগুন ধরিয়ে দেন। তারা বলেন, ধ্বংসস্তূপের ভেতরে নিখোঁজ শ্রমিকদের আরও কঙ্কাল ও খুলি রয়েছে। স্থানীয় প্রশাসন জানার পরও এসব উদ্ধারে কোনো ব্যবস্থা নিচ্ছে না।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহেব আলী খুলি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। খুলিটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।

১৩ ডিসেম্বর বিকেলে কয়েকজন টোকাই ধ্বংসস্তূপের ভেতর থেকে একটি মাথাবিহীন কঙ্কাল ও একটি মাথার খুলি উদ্ধার করে। কঙ্কালের সঙ্গে আটকে থাকা প্যান্টের পকেটে একটি পরিচয়পত্র ও মুঠোফোন নম্বর পাওয়া যায়। পরিচয়পত্রে নাম লেখা ছিল ওবায়দুল। তিনি ধসে পড়া রানা প্লাজার তৃতীয় তলার নিউ ওয়েভ বটমসের সুইং সহকারী ছিলেন। কঙ্কালটির প্রায় ১০০ গজ দূর থেকে উদ্ধার হয় মাথার বিচ্ছিন্ন একটি খুলি।

গত ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়ে। ভয়াবহ এই ভবনধসের ঘটনায় দুজন উদ্ধারকর্মীসহ মারা যান এক হাজার ১৩৪ জন। আহত হন প্রায় আড়াই হাজার শ্রমিক। সরকারি হিসাবে নিখোঁজ ব্যক্তির সংখ্যা ৩৩২ জন। যদিও নিখোঁজ ব্যক্তির সংখ্যা আরও বেশি বলে দাবি করেন স্বজনেরা।