রানা প্লাজার ধ্বংসস্তূপে আরও হাড়গোড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপে আরও হাড়গোড়ের সন্ধান মিলেছে। গতকাল বৃহস্পতিবার পথশিশুরা রড ও বিভিন্ন পরিত্যক্ত মালামাল সংগ্রহ করতে গিয়ে এসব কুড়িয়ে পায়। এ নিয়ে গত ১৫ দিনে ধ্বংসস্তূপ থেকে একটি কঙ্কাল, দুটি মাথার খুলি ও হাড়গোড় পাওয়া গেল। 

ধ্বংসস্তূপে বারবার কঙ্কাল, মাথার খুলি ও হাড়গোড় পাওয়ার কারণে স্থানীয় জনসাধারণসহ নিখোঁজ শ্রমিকদের স্বজনেরা ধ্বংসস্তূপের ভেতরে তল্লাশির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

পুলিশ জানায়, গতকাল বেলা একটার দিকে আরিফ, আল-আমিন ও রাজুসহ কয়েকজন পথশিশু রানা প্লাজার পেছনে ধ্বংসস্তূপে ভাঙা রড ও বিভিন্ন পরিত্যক্ত মালামাল সংগ্রহ করতে গিয়ে বেশ কয়েক টুকরা হাড় ও মাথার খুলির অংশবিশেষ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কুড়িয়ে পাওয়া হাড়গোড় উদ্ধার করে ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

এর আগে ১৩ ও ২২ ডিসেম্বর ওই ধ্বংসস্তূপ থেকে একটি কঙ্কাল ও মাথার খুলি পাওয়া যায়। এ খবর পেয়ে এলাকার লোকজনসহ নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা সেখানে গিয়ে বিক্ষোভ করেন। তাঁরা ধ্বংসস্তূপের ভেতরে তল্লাশির ব্যবস্থা করার দাবি জানান। ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বলেন, কুড়িয়ে পাওয়া হাড়গোড়ের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।