রানা প্লাজার ধ্বংসস্তূপে আরও হাড়গোড় ও খুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উপকণ্ঠ সাভারে ধসে পড়া রানা প্লাজার ধ্বংসস্তূপে গত মঙ্গলবার রাতে মানুষের আরও কিছু হাড়গোড় ও মাথার খুলির অংশবিশেষ পাওয়া গেছে। সাভার মডেল থানার পুলিশ এসব হাড়গোড় ও খুলি উদ্ধার করেছে।

ভবন ধসের আট মাস পর প্রথম গত ১৩ ডিসেম্বর পথশিশুরা রড ও বিভিন্ন ধরনের পরিত্যক্ত মালামাল কুড়াতে গিয়ে ধ্বংসস্তূপের ভেতরে একটি কঙ্কাল ও একটি মাথার খুলি পায়। এরপর কয়েক দফায় ওই ধ্বংসস্তূপে আরও কিছু হাড়গোড় ও খুলি পাওয়া য়ায়।

সাভার মডেল থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে কয়েকটি পথশিশু ধ্বংসস্তূপে পরিত্যক্ত মালামাল কুড়াতে গিয়ে তিনটি পায়ের হাড় (গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত), পাঁচটি হাতের হাড়, দুটি মাথার খুলির অংশ, একটি হাতের আঙুলের হাড়, একটি কোমড়ের হাড়, দুটি মেরুদণ্ডের হাড়, একটি পাঁজরের হাড় ও বেশ কিছু চুল উদ্ধার করে। পরে তারা বিষয়টি উদ্ধারকর্মী বাবর আলীকে জানায়। বাবর সেগুলো ধসে পড়া রানা প্লাজার সামনে রেখে সাভার থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা হাড়গোড় ও মাথার খুলির সুরতহাল প্রতিবেদন তৈরি করে।