রানা প্লাজার ধ্বংসস্তূপে আরেকটি খুলি
ঢাকার সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে গতকাল রোববার আরও একটি মাথার খুলি উদ্ধার হয়েছে। পথশিশুরা রড ও বিভিন্ন পরিত্যক্ত মালামাল সংগ্রহ করতে গিয়ে খুলিটি কুড়িয়ে পায়।
সপ্তাহ খানেক আগেও ওই ধ্বংসস্তূপের ভেতরে একটি কঙ্কাল ও মাথার খুলি পাওয়া যায়। এদিকে বারবার কঙ্কাল ও মাথার খুলি পাওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে ধ্বংসস্তূপের ভেতরে তল্লাশির ব্যবস্থা না করায় ক্ষুব্ধ জনতা গতকাল সেখানে আগুন ধরিয়ে দেন। পরে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
সাভার মডেল থানা পুলিশ জানান, পথশিশুরা গতকাল বেলা দেড়টার দিকে রানা প্লাজার পেছনে ধ্বংসস্তূপে ভাঙা রড ও বিভিন্ন পরিত্যক্ত মালামাল সংগ্রহ করতে গিয়ে একটি মানুষের মাথার খুলি দেখতে পায়। এরপর তারা খুলিটি সংগ্রহ করে রানা প্লাজার সামনে নির্মিত স্মৃতিফলকের সামনে রেখে চলে যায়। পরে পুলিশ খুলিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় লোকজন জানান, খুলি উদ্ধারের খবর পেয়ে কয়েক শ জনতা সেখানে উপস্থিত হয়ে ধ্বংসস্তূপের ভেতরে তল্লাশি চালানোর দাবি জানান। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা ওই ধ্বংসস্তূপে আগুন ধরিয়ে দেন।
সাভার মডেল থানার এসআই মোল্লা সোহেব আলী খুলি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন, এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আগামীকাল (আজ সোমবার) খুলিটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।