রানা প্লাজার ধ্বংসস্তূপে তল্লাশির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উপকণ্ঠ সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপে তল্লাশি অভিযানসহ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে গতকাল শুক্রবার সমাবেশ এবং মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন।
ধসে পড়া রানা প্লাজার সামনে মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট ও টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের নেতাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারাও বক্তব্য দেন।
সমাবেশে ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফ উদ্দিন খান বলেন, রানা প্লাজা ধসে হতাহত ব্যক্তিদের নিয়ে একটি চক্র বাণিজ্য শুরু করেছে। তাদের দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আর যারা মর্মান্তিক এই হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, এখনো অনেক শ্রমিক নিখোঁজ রয়েছেন; যাঁদের হাড়গোড় আজও ধ্বংসস্তূপের ভেতরে চাপা পড়ে আছে। মাঝেমধ্যেই তা বের করে আনছে পথশিশুরা। আর পুলিশ কর্মকর্তারা বলছেন, এগুলো গরুর হাড়গোড়।
আশরাফ উদ্দিন খান ধ্বংসস্তূপের ভেতরে তল্লাশির ব্যবস্থা করে উদ্ধার করা হাড়গোড় ও মাথারা খুলির ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করার পাশাপাশি হাড়গোড় নিয়ে বিভ্রান্তমূলক বক্তব্য দেওয়ার জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সহসভাপতি আবু হোসাইন বলেন, রানা প্লাজা ধসের আট মাস পার হওয়ার পরও ধ্বংসস্তূপের ভেতরে নিয়মিত হাড়গোড় মিলছে। এর পরও সরকারের পক্ষ থেকে ওই ধ্বংসস্তূপে তল্লাশির কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নিখোঁজ শ্রমিকদের পরিচয় নিশ্চিত করার জন্য ধ্বংসস্তূপে তল্লাশির ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, এখনো অনেক শ্রমিক ক্ষতিপূরণ পাননি। বিদেশ থেকে পর্যাপ্ত পরিমাণে সাহায্য আসছে। এই সাহায্যের অর্থ যাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের হাতে গিয়ে পৌঁছায়, সে ব্যবস্থা করতে হবে।