রানা প্লাজার ধ্বংসস্তূপে পাওয়া কঙ্কাল স্বজনদের কাছে হস্তান্তর

রাজধানীর উপকণ্ঠ সাভারের ধসে পড়া রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে কুড়িয়ে পাওয়া কঙ্কাল আজ শনিবার বিকেলে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের পর কঙ্কালটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এর আগে সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ কঙ্কালটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
সাভার মডেল থানার পুলিশ জানায়, গতকাল শুক্রবার বিকেলে ধ্বংসস্তূপের ভেতর থেকে কুড়িয়ে পাওয়া কঙ্কালটি ধসে পড়া রানা প্লাজার তিনতলার নিউওয়েব বটমসের সুইং সহকারী ওবায়দুলের বলে নিশ্চিত হওয়া গেছে। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার ডাকিরকান্দা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। ভবন ধসের পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। ছেলের লাশ না পেয়ে হাফিজুল গত ২৫ মে সাভার থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন।
হাফিজুল জানান, ‘প্রথম আলো’র সংবাদের সূত্র ধরে তাঁর ভাতিজা ফারুক হোসেন তাঁকে ওবায়দুলের কঙ্কাল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। খবর পেয়ে তিনি সাভার এসে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আনুষ্ঠানিকতা শেষে ছেলের কঙ্কাল গ্রহণ করে তিনি সাভারে ভাতিজা ফারুকের বাসায় যান।
হাফিজুল আরও জানান, কঙ্কালটি তাঁর ছেলের নিশ্চিত হওয়ার পরও অন্যদের মতো তাঁকে কোনো সরকারি সহায়তা দেওয়া হয়নি। এ কারণে কঙ্কালটি বাড়ি নিয়ে গিয়ে দাফন করাই তাঁর জন্য কষ্টকর হয়ে পড়েছে।
যোগাযোগ করা হলে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মোল্যা বলেন, কুড়িয়ে পাওয়া কঙ্কালটি মানুষের কঙ্কাল কি না, পরীক্ষা-নিরীক্ষা করে তা নিশ্চিত হওয়ার পর ডিএনএ পরীক্ষা করা হবে। ডিএনএ পরীক্ষার ফল তাঁর স্বজনদের সঙ্গে মিলে গেলে নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।
গতকাল কয়েকটি পথশিশু রানা প্লাজার ধ্বংসস্তূপের ভেতর থেকে একটি মাথার খুলি ও কঙ্কালটি উদ্ধার করে।