রানা প্লাজার ধ্বংসস্তূপে পাওয়া কঙ্কাল স্বজনের কাছে হস্তান্তর
রাজধানীর উপকণ্ঠ সাভারে ধসে পড়া রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে কুড়িয়ে পাওয়া কঙ্কাল গতকাল শনিবার বিকেলে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের পর হাসপাতাল কর্তৃপক্ষ তা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।
এর আগে সুরতহাল প্রতিবেদন তৈরি করে সাভার মডেল থানার পুলিশ কঙ্কালটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
থানার পুলিশ সূত্র জানায়, শুক্রবার বিকেলে ধ্বংসস্তূপের ভেতর থেকে কুড়িয়ে পাওয়া কঙ্কালটি ধসে পড়া রানা প্লাজার তিন তলার নিউ ওয়েব বটমসের সুইং সহকারী ওবায়দুলের বলে নিশ্চিত হওয়া গেছে। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ডাকিরকান্দা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। ভবনধসের পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। ছেলের লাশ না পেয়ে হাফিজুল গত ২৫ মে সাভার থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন।
হাফিজুল ইসলাম জানান, প্রথম আলোর সংবাদের সূত্র ধরে তাঁর ভাতিজা ফারুক হোসেন তাঁকে ওবায়দুলের কঙ্কাল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। খবর পেয়ে তিনি সাভারে এসে থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা রাখার আনুষ্ঠানিকতা শেষে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর কাছে ছেলের কঙ্কাল হস্তান্তর করে। এরপর তিনি গতকালই ওই কঙ্কাল নিয়ে সাভারে ভাতিজা ফারুকের বাসায় আসেন।
তবে কঙ্কালটি তাঁর ছেলের নিশ্চিত হওয়ার পরেও অন্যদের মতো তাঁকে সরকারি সহায়তা দেওয়া হয়নি। এ জন্য কঙ্কাল বাড়ি নিয়ে দাফন করাই তাঁর জন্য কষ্টকর হয়ে পড়েছে।