রানা প্লাজার নথিপত্র তলব, নিখোঁজ ব্যক্তিদের তালিকা দেওয়ার নির্দেশ
সাভারে ধসে পড়া রানা প্লাজা-সংক্রান্ত রেকর্ড (নথিপত্র) সাত দিনের মধ্যে আদালতে দাখিল করতে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রকে নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই খানে অপেক্ষারত আত্মীয়স্বজনদের কাছ থেকে পরিচয়পত্র, নিয়োগপত্র ও ছবির ভিত্তিতে নিখোঁজ ব্যক্তিদের তালিকা তৈরি করে তা দাখিল করতে বলা হয়েছে।গতকাল সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এক সপ্তাহ সময় দিয়ে ঢাকার জেলা প্রশাসক, স্থানীয় প্রশাসন ও প্রধান কারখানা পরিদর্শকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়।একই সঙ্গে তাজরীন ফ্যাশনস লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনার পর সরকারের গঠিত কমিটির তদন্ত প্রতিবেদন দুই সপ্তাহের মধ্যে দাখিল করতে স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়, পুলিশ ও দমকল বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। রানা প্লাজা ধসের ঘটনায় আদালতের স্বতঃপ্রণোদিত (সুয়োমোটো) আদেশ, আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টসহ সংগঠন ও ব্যক্তির করা পৃথক রিট আবেদনের শুনানিকালে এ আদেশ দেওয়া হয়।আদালতে আবেদনের পক্ষে আইনজীবী ড. কামাল হোসেন, সারা হোসেন, ইকবাল কবির, হাসান এম এস আজিম, মোহাম্মদ হোসেন প্রমুখ মামলা পরিচালনা করেন। বিবাদীপক্ষে পক্ষে আইনজীবী রফিকুল ইসলাম মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে আইনজীবী হাবিবুল ইসলাম ভূঁইয়া, রাজউকের পক্ষে আইনজীবী কে এম সাইফুদ্দিন আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার।রানা প্লাজা ধসের ঘটনায় হাইকোর্ট শুনানি নিয়ে গত ৩০ এপ্রিল অন্তর্বর্তীকালীন আদেশ নিয়ে ৮ মে দিন ধার্য করেন। অপর এক আদেশে ৫ মে আদালত আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে ব্যাখ্যা জানাতে পোশাক কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মো. দেলোয়ার হোসেনকে ১২ মে হাজির হতে নির্দেশ দেন। এরপর গতকাল বিষয়গুলো তালিকায় আসে। নির্দেশনা অনুসারে তাজরীন ফ্যাশনসের মালিক আদালতে হাজির হন।শুনানিতে সাভার পৌরসভার বরখাস্ত হওয়া মেয়রের পক্ষের আইনজীবী রফিকুল ইসলাম মিয়াকে আদালত প্রশ্ন করেন, প্রথমে ছয়তলা ছিল পরে ১০ তলা হলো কীভাবে? জবাবে আইনজীবী বলেন, স্থাপনা অনুমোদনের জন্য প্রথম যে আবেদন দেওয়া হয়, তাতে দশতলারই অনুমোদন চেয়েছিল। আদালত বলেন, এ বিষয়ে কোনো রেকর্ড আছে? জবাবে রফিকুল ইসলাম মিয়া বলেন, মেয়রকে বরখাস্ত করা হয়েছে। তাই এ মুহূর্তে তাঁর রেকর্ড দেওয়ার সুযোগ নেই। আইনজীবী মোহাম্মদ হোসেন বলেন, পত্রিকায় এসেছে প্রায় ২০০ লোক এখনো নিখোঁজ। কিন্তু উদ্ধার অভিযান শেষ পর্যায়ে। এ পর্যায়ে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়, তবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে অসন্তোষ দেখা দিতে পারে। এ বিষয়ে নির্দেশনা দিতে পারেন। পরে আদালত আদেশ দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার প্রথম আলোকে বলেন, আদালত ২১ মে পরবর্তী দিন ধার্য করেছেন। তাজরীন ফ্যাশনস: গত নভেম্বরে তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক), আইনি সহায়তাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), নিজেরা করি ও ব্র্যাক রিট আবেদনটি করে। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২৬ নভেম্বর আদালত রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন নির্দেশ দেন। নির্দেশনায় তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ প্রদানে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, ক্ষতিপূরণ নির্ধারণের পদ্ধতি-সম্পর্কিত প্রতিবেদন এক মাসের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছিলেন।ওই ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্তে কমিটি গঠনের জন্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহীর কাছে নাম চেয়েছেন আদালত। নামের তালিকা ১০ দিনের মধ্যে দাখিল করতে বলা হয়েছে। ক্ষতিপূরণ বিষয়ে তাজরীন ফ্যাশনসের পক্ষে একটি তালিকা আদালতে দাখিল করেন আইনজীবী। এ সময় রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ড. কামাল হোসেন পৃথক আবেদন দাখিল করেন।জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষে আইনজীবী ফাওজিয়া করিম শুনানি করতে গেলে আদালত বলেন, ‘পাঁচ মাস আগে আদেশ দিয়েছিলাম, একটি কমিটির তালিকা জমা দিতে।’ জবাবে ফাওজিয়া করিম বলেন, ‘কমিটির তালিকা রেজিস্ট্রারের কার্যালয়ে জমা দিয়েছি।’আদালত বলেন, ‘১০ দিনের মধ্যে দেওয়ার কথা ছিল। ১৫৫ দিন চলে গেছে। আপনারা যদি আদেশ না মানেন, তবে অন্যরা কী করবে। আপনাদের দায়িত্ব দিলাম একটি প্যানেল তৈরির জন্য। কিন্তু এত দিন কী করেছেন? আমরা দুঃখিত। কিছু কাগজ দাখিল করেছেন। তা কাগজ ছাড়া আর কিছুই নয়। এখন কমিটির তালিকা দিয়ে কী করব? পরে আদালত আদেশ দেন। তাজরীনের মালিককে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়।