রানা প্লাজার নামে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তহবিল নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) রানা প্লাজা ধসে হতাহত ব্যক্তিদের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি তহবিল রয়েছে বলে যে বক্তব্য দিয়েছে তাকে প্রধানমন্ত্রীর প্রেস উইং ‘বিভ্রান্তিকর’ বলেছে। প্রেস উইং বলেছে, রানা প্লাজার নামে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আলাদা কোনো তহবিল নেই।
বাসসের মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে দেওয়া ব্যাখ্যায় বলা হয়েছে, রানা প্লাজার ঘটনায় হতাহত ব্যক্তিদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১২৭ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে এবং এর মধ্যে ১০৫ কোটি টাকা (প্রকৃতপক্ষে টিআইবি বলেছে ১০৮ কোটি) অব্যবহৃত রয়েছে বলে টিআইবি সংবাদ সম্মেলনে যে তথ্য দিয়েছে তা সত্য নয়।
ব্যাখ্যায় আরও বলা হয়, বিভিন্ন সময় নানাবিধ দুর্যোগ মোকাবিলাসহ দুস্থদের সাহায্যার্থে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অর্থ প্রদান করে। এ তহবিল থেকে দুস্থ মানুষের চিকিৎসা, লেখাপড়া, গৃহনির্মাণ, পরিবারের ভরণপোষণ ইত্যাদির জন্য নিয়মিতভাবে অর্থ সাহায্য প্রদান করা হয়। বিভিন্ন দুর্ঘটনায় যাঁরা আয়-সক্ষমতা অথবা পরিবারের উপার্জনক্ষম সদস্য হারিয়েছেন, তাঁদের অনুকূলে ৫ লাখ থেকে শুরু করে ৩০ লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে।
ব্যাখ্যায় আরও বলা হয়, ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা দুর্ঘটনার পর প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান এসেছে। তবে রানা প্লাজার নামে কোনো তহবিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে নেই। এই নামে কোনো অনুদানের চেকও আসেনি। ফলে রানা প্লাজা দুর্ঘটনার পর আলাদাভাবে কোনো অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা পড়ার রেকর্ড নেই।
এতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হিসাবটি সোনালী ব্যাংক, প্রধানমন্ত্রীর কার্যালয় করপোরেট শাখায় চালু আছে।