রানা প্লাজার নিখোঁজ শ্রমিকদের তালিকার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় নিখোঁজ শ্রমিকদের সঠিক তালিকা তৈরির দাবিতে আজ রোববার বিকেলে মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন।

আজ বিকেলে সাভারে রানা প্লাজা ধসে পড়া স্থানে এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেন ১৮টি শ্রমিক সংগঠনের নেতা-কর্মীসহ হতাহত ও নিখোঁজদের স্বজনেরা।

মানববন্ধন শেষে আয়োজিত সমাবেশে বক্তারা ধসে পড়া রানা প্লাজার স্থানটিতে নিহত ও নিখোঁজ শ্রমিকদের তালিকাসংবলিত একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান। পাশাপাশি তাঁরা নিখোঁজ শ্রমিকদের সঠিক তালিকা প্রস্তুতসহ রানা প্লাজার মালিকের সব সম্পদ বাজেয়াপ্ত করে আহত ব্যক্তিদের চিকিত্সা এবং নিহত ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারকে পুনর্বাসনে ব্যয় করার দাবি জানান।

বক্তারা বলেন, রানা প্লাজার মর্মান্তিক দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই প্রভাবশালীরা ধসে পড়া ভবনের সামনে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করে চাঁদা আদায় করছে। খোঁজ নিলে জানা যাবে চাঁদাবাজির সঙ্গে সোহেল রানার লোকজনও জড়িত। কিন্তু প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না।

মানববন্ধনে গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন, গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফোরাম ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কশপ ফেডারেশনসহ ১৮টি শ্রমিক সংগঠনের নেতা-কর্মী ও হতাহত এবং নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা অংশ নেন।