রানা প্লাজার পুনরাবৃত্তি ঠেকাতে চাই জনগণের সরকার: মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানা প্লাজা দুর্ঘটনায় নিহতদের স্মরণে আজ বৃহস্পতিবার আয়োজিত এক দোয়া মাহফিলে মির্জা ফখরুল বক্তব্য রাখেন। ছবি: ফোকাস বাংলা
রানা প্লাজা দুর্ঘটনায় নিহতদের স্মরণে আজ বৃহস্পতিবার আয়োজিত এক দোয়া মাহফিলে মির্জা ফখরুল বক্তব্য রাখেন। ছবি: ফোকাস বাংলা

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রানা প্লাজার মতো ‘ট্র্যাজেডি’ যাতে আর না ঘটে সেজন্য জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি অভিযোগ করেন, রানা প্লাজা দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণে যে বিপুল পরিমাণ অর্থ এসেছে, তার অপব্যবহার হয়েছে।
আজ বৃহস্পতিবার রানা প্লাজা দুর্ঘটনায় নিহত লোকজনের স্মরণে আয়োজিত এক দোয়া মাহফিলে মির্জা ফখরুল এ সব কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে।
মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার রানা প্লাজার দুর্ঘটনাকে পুঁজি করে রাজনীতি করতে চেয়েছিল। কিন্তু তারা সফল হয়নি।
বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে সরকার হামলা-মামলা করছে—দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘সরকার বিরোধীদের নাজেহাল করতে কৌশল নিয়েছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।’
অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী, আয়োজক সংগঠনের সভাপতি শামা ওবায়েদ প্রমুখ বক্তব্য দেন।