রানা প্লাজার পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ
রানা প্লাজার পোশাক কারাখানার শ্রমিকেরা বেতনের দাবিতে আজ মঙ্গলবার সকালে সাভার বাসস্ট্যান্ডসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। পরে প্রশাসনের আশ্বাসে দুপুর সোয়া ১২টার দিকে অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকেরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ধসে পড়া রানা প্লাজার পাঁচটি পোশাক কারখানার পাঁচ শতাধিক শ্রমিক আজ সকাল সোয়া ১০টার দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন।
শ্রমিকেরা অভিযোগ করেন, বেতন দেওয়া নিয়ে টালবাহানা করছে বিজিএমইএ। গতকাল সোমবার তাঁদের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু তারিখ পরিবর্তন করে আজ বেতন দেওয়ার ঘোষণা দেয় পোশাকমালিকদের শীর্ষ সংগঠনটি। ঘোষণা অনুযায়ী শ্রমিকেরা বেতন নিতে আজ সকালে সাভারের মজিদপুরের ক্যাপিটাল গার্মেন্টসের সামনে যান। সেখানে বিজিএমইএর কোনো কর্মকর্তাকে না পেয়ে তাঁরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে তাঁরা সড়ক অবরোধ করেন।
গত তিন মাসসহ অগ্রিম তিন মাসের বেতনের দাবি জানিয়েছেন শ্রমিকেরা। এ ছাড়া ভবনধসে আহত শ্রমিকদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণ দাবি করেন তাঁরা।
দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন ঘটনাস্থলে আসেন। তিনি বিজিএমইএর কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। বেলা তিনটায় শ্রমিকদের বেতন দেওয়ার আশ্বাস দেন ঢাকা জেলা প্রশাসক। পরে শ্রমিকেরা মহাসড়কের অবরোধ তুলে নেন।
গত ২৪ এপ্রিল সাভারে নয়তলা রানা প্লাজা ধসে পড়ে। ওই ভবনে পাঁচটি পোশাক কারখানা ছিল। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত সাত শর কাছাকাছি লাশ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন সহস্রাধিক ব্যক্তি।