রানা প্লাজার মালিকের জামিন চার সপ্তাহের জন্য স্থগিত
সাভারে ধসে পড়া রানা প্লাজা ভবনের মালিক সোহেল রানার জামিন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার বিচারপতি।
ইমারত নির্মাণ বিধিমালা আইনে করা মামলায় গত ২৩ মার্চ সোহেল রানার ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। একই দিন পুলিশের করা অপর মামলায় তাঁর জামিন আবেদন ফিরিয়ে দেওয়া হয়। রানার ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিনের ওপর স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী।
পরে মাসুদ হাসান প্রথম আলোকে বলেন, ইমারত আইনে করা মামলায় সোহেল রানার জামিন মঞ্জুর করার আদেশ চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার বিচারপতি।
গত বছরের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে পড়ে। এতে সহস্রাধিক ব্যক্তির মৃত্যু হয়। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে ওই দিনই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বাদী হয়ে সাভার মডেল থানায় সোহেল রানার বিরুদ্ধে একটি মামলা করে। অবহেলাজনিত মৃত্যুর ঘটনার অভিযোগে ছয়জনকে আসামি করে ২৫ এপ্রিল সাভার মডেল থানার অপর মামলাটি করে পুলিশ। ওই বছরের ২৮ এপ্রিল সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।