রানা প্লাজার মালিকের ব্যাপারে তদন্ত প্রতিবেদন দাখিল করেনি দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পদের হিসাব দাখিল না করার মামলায় রানা প্লাজার মালিক সোহেল রানার ব্যাপারে তদন্ত প্রতিবেদন দাখিল করেনি দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ৬ মার্চ এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করে দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার মহানগর হাকিম শামসুল আরেফিন এই দিন ধার্য করেন। এর আগে মামলার আসামি সোহেল রানাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

গত বছরের ১ এপ্রিল সোহেল রানার সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেয় দুদক। তখন তিনি কাশিমপুর কারাগারে ছিলেন। নোটিশ পেলেও সোহেল রানা সম্পদের বিবরণী দুদকের কাছে দাখিল করেননি। এমনকি পুনঃদাখিলের জন্য সময়ের আবেদনও করেননি। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(২) ধারায় এটি শাস্তিযোগ্য অপরাধ। এ ঘটনায় দুদকের উপপরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে রমনা থানায় গত বছরের ২০মে সোহেল রানার বিরুদ্ধে মামলা করেন।

এই মামলাটির তদন্তও করছেন মাহবুবুল আলম। এ নিয়ে ছয়বার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় চেয়েছে দুদক।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাজার বাসস্ট্যান্ডের নয়তলা ভবন রানা প্লাজা ধসে পড়ে। ওই ভবনে তিনটি পোশাক কারখানা ছিল। এ ধসের ঘটনায় এক হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান।