রানা প্লাজার মালিকের শাস্তির দাবিতে বিক্ষোভ
সাভারে ধসে পড়া রানা প্লাজা ভবনের মালিক সোহেল রানাসহ দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল সোমবার বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। ওই ভবনে কর্মরত পোশাক শ্রমিক ও নিহত ব্যক্তিদের স্বজনকে নিয়ে গার্মেন্টস শ্রমিক সংহতি এ কর্মসূচির আয়োজন করে।
২০১৩ সালের ১৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড-সংলগ্ন নয়তলা রানা প্লাজা ভবনটি ধসে পড়ে। ভবনে পাঁচটি পোশাক কারখানা ছিল। সরকারি হিসাব অনুযায়ী, এ দুর্ঘটনায় ১ হাজার ১৩৬ জন মারা যান। আহত হন ১ হাজার ১৬৭ জন।
ধসে পড়া রানা প্লাজার সামনে গতকাল বেলা সাড়ে তিনটায় আয়োজিত সমাবেশে বক্তব্য দেন গার্মেন্টস শ্রমিক সংহতির সমন্বয়ক তাসলিমা আখতার। তিনি বলেন, ২৮ মাস পার হয়ে গেছে। এখন পর্যন্ত ভবনের মালিক সোহেলসহ দোষী ব্যক্তিদের বিচার প্রক্রিয়া শেষ হয়নি। দোষী সরকারি কর্মকর্তা ও মালিকদের রক্ষার চেষ্টা চালানো হচ্ছে।
আরও বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব জুলহাসনাইন বাবু, সদস্য দীপক রায়, আবু শামা, নিখোঁজ শ্রমিক শান্তনার বোন সেলিনা ও নিহত শাওনের বাবা আবদুল আজিজ।