রানা প্লাজার রানার বিরুদ্ধে দুদক অভিযোগপত্র দিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ে সম্পদের হিসাব না দেওয়ার মামলায় সাভারের ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার কমিশন অভিযোগপত্র অনুমোদন দেয় বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
গত বছরের ২০ মে রাজধানীর রমনা থানায় সোহেল রানার বিরুদ্ধে ‘নন-সাবমিশন’ মামলা করেন দুদকের উপপরিচালক মাহবুবুল আলম। তিনিই মামলার তদন্ত করেন।
দুদক সূত্র জানায়, গত বছরের ২ এপ্রিল কাশিমপুর কারাগারে আটক সোহেল রানার কাছে কারা কর্তৃপক্ষের মাধ্যমে সম্পদ বিবরণীর নোটিশ পাঠায় দুদক। নোটিশ পাওয়ার নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী জমা না দিয়ে স্ত্রীর মাধ্যমে সময় বাড়ানোর আবেদন করেন সোহেল রানা। আইন অনুসারে তাঁর এ আবেদন গ্রহণযোগ্য নয় উল্লেখ করে মামলা করার সুপারিশ করে দুদকের আইন শাখা। তারই ধারাবাহিকতায় রানার বিরুদ্ধে মামলা করে সংস্থাটি।
দুদক সূত্র আরও জানায়, সোহেল রানার বেশির ভাগ সম্পদ তাঁর বাবা ও মায়ের নামে। অনুসন্ধান শেষে প্রায় ১৭ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ১২ এপ্রিল রানার বাবা আবদুল খালেক ও মা মর্জিনা বেগমের বিরুদ্ধে দুটি আলাদা মামলা করেছে দুদক।
নির্মাণ ত্রুটির কারণে ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজায় ভয়াবহ ধসের ঘটনা ঘটে। এতে সহস্রাধিক মানুষের মৃত্যু হয়। ভারতে পালিয়ে যাওয়ার সময় ওই বছরের ২৯ এপ্রিল বেনাপোল থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে র্যা ব। এরপর থেকে তিনি কারাগারে আছেন।
রানা প্লাজা ধসের ঘটনায় সাভার থানায় অবহেলাজনিত মৃত্যু চিহ্নিত করে পুলিশের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ আসামির বিরুদ্ধে বিচার চলছে।