রানা প্লাজার শ্রমিককে ধর্ষণের অভিযোগে চা-বিক্রেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় আহত এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে শাহাবুদ্দিন নামের এক চা-বিক্রেতাকে গ্রেপ্তারের পর তাঁকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গতকাল শনিবার শাহাবুদ্দিনকে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন।
শাহাবুদ্দিনের বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামে। তিনি সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি থেকে রানা প্লাজার সামনের এলাকা পর্যন্ত চা বিক্রি করতেন।
এদিকে, আজ রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারীর মেডিকেল পরীক্ষা করা হয়।
গত বৃহস্পতিবার রাতে রানা প্লাজার আহত ওই শ্রমিক ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠে। ঘটনার পর ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে একটি মামলা করেন।
ওই নারী শ্রমিক রানা প্লাজার সাততলায় নিউওয়েব স্টাইলে কাজ করতেন। তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলায়। ভবনধসের এক ঘণ্টা পর ধ্বংসস্তূপের ভেতর তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বুকে ও মাথায় আঘাত পেয়েছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, পূর্বপরিচয়ের সূত্র ধরে সাহাবুদ্দিন বৃহস্পতিবার ওই নারীকে মোবাইলে ফোন করে ২৫ হাজার টাকা অর্থ সহায়তা দেওয়ার প্রলোভন দেখান। টাকা সংগ্রহ করতে তাঁকে ব্যাংক কলোনির বাসায় যেতে বলেন। ওই দিন সন্ধ্যা সাতটার দিকে শাহাবুদ্দিনের বাসায় যান ওই নারী শ্রমিক। নানা অজুহাতে তাঁকে রাত ১১টা পর্যন্ত শয়নকক্ষে বসিয়ে রাখেন শাহাবুদ্দিন। এরপর ওই কক্ষে আটকে রেখে রাতভর ধর্ষণ করে শুক্রবার ভোরে বাসা থেকে বের করে দেন শাহাবুদ্দিন। এ সময় ওই বাসায় আর কেউ ছিলেন না। সেখান থেকে চলে আসার পর বিষয়টি স্বজনদের অবহিত করেন ওই নারী। পরে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন রানা প্লাজা ধসে আহত ওই শ্রমিক।
সাভার মডেল থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মামলা দায়েরের পর গত শুক্রবার বিকেলে পুলিশ শাহাবুদ্দিনকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করে।
আদালতে হাজির করার আগে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় গতকাল শাহাবুদ্দিন সাংবাদিকদের বলেন, রানা প্লাজার সামনে চা বিক্রি করার সুবাদে অনেকের সঙ্গেই তাঁর পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে তিনি এর আগেও ওই নারীকে একটি সেলাই মেশিন সংগ্রহ করে দেন। আরও সহায়তার জন্য তাঁকে বৃহস্পতিবার দেখা করতে বলেন। মেয়েটি তাঁর বাসায়ও গিয়েছিল। তবে ধর্ষণের অভিযোগ মিথ্যা দাবি করে শাহাবুদ্দিন বলেন, কারও ইন্ধনে তাঁকে ফাঁসানো হয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, মেয়েটির অভিযোগের পরিপ্রেক্ষিতে শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। তদন্ত ছাড়া অভিযোগের সত্যতা বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব না।