সাভারে ধসে পড়া রানা প্লাজার বিভিন্ন পোশাক কারখানার ক্ষতিগ্রস্ত শ্রমিক এবং নিহত ব্যক্তিদের স্বজনদের গতকাল সোমবারও পিটিয়েছে পুলিশ। তাঁরা বেতন-ভাতা, ঈদের বোনাস ও ক্ষতিপূরণের দাবিতে মিছিল বের করেছিলেন। এ সময় পুলিশের লাঠিপেটায় বেশ কয়েকজন নারীসহ অন্তত ২৫ জন আহত হন।
পোশাকশ্রমিক ও নিহত ব্যক্তিদের আত্মীয়স্বজনদের ওপর আগের দিন রোববারও পুলিশ লাঠিপেটা করেছিল। ক্ষতিগ্রস্ত শ্রমিক ও নিহত ব্যক্তিদের স্বজনেরা রানা প্লাজার বিধ্বস্ত ভবনের সামনে গতকাল সকাল থেকেই জড়ো হতে শুরু করেন। সেখান থেকে সকাল ১০টার দিকে চার শতাধিক মানুষ মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করার উদ্দেশে রওনা হন। এ সময় পাকিজা ডাইংয়ের সামনে পুলিশ ওই মিছিলে বাধা দেয়। এতে বিক্ষোভকারীরা মিছিল ঘুরিয়ে আবার রানা প্লাজার দিকে যেতে থাকেন। মিছিলটি সাবেক সাংসদ দেওয়ান সালাউদ্দিনের বাড়ির সামনে পৌঁছালে পুলিশের আক্রমণ শুরু হয়। বেপরোয়া লাঠিপেটা থেকে বাঁচার জন্য ছত্রভঙ্গ মিছিলকারীদের অনেকে পালাতে গিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যান। পুলিশ সেখানে গিয়েও লাঠিপেটা করে। একপর্যায়ে বিক্ষোভকারীরা ওই এলাকা ছাড়তে বাধ্য হন। অনেকে আবার রানা প্লাজার সামনে গিয়ে অবস্থান নেন।
পুলিশের লাঠিপেটায় আহত পোশাকশ্রমিক তাসলিমা, জুঁই ও রিমা বলেন, ভবনধসের পর থেকে তাঁরা বেকার। অসুস্থতার কারণে নতুন কাজে যোগ দেওয়াও সম্ভব হচ্ছে না। কাজ করতে না পারায় ঘরে খাবারও নেই। কিন্তু স্থানীয় প্রশাসন বা সরকার এ ব্যাপারে কোনো খোঁজ রাখে না। তাই তাঁরা নিরুপায় হয়ে বেতন-ভাতা ও ক্ষতিপূরণের দাবিতে আন্দোলনে নেমেছেন।
এদিকে শ্রমিকদের ওপর লাঠিপেটার অভিযোগ অস্বীকার করে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, শ্রমিক ও নিহত ব্যক্তিদের স্বজনেরা মহাসড়ক দখল করে বিক্ষোভ করায় ঈদে ঘরমুখী যাত্রীরা বিড়ম্বনায় পড়েন। এ কারণে বিক্ষোভকারীদের ভয় দেখিয়ে তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। কাউকে আঘাত করা হয়নি।