রানা প্লাজার সব শ্রমিকের উপযুক্ত ক্ষতিপূরণ দাবি
সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় নিখোঁজ শ্রমিকদের সঠিক তালিকা প্রকাশ, সব শ্রমিকের উপযুক্ত ক্ষতিপূরণসহ ছয় দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। বিক্ষোভ মিছিলে এসব সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে যোগ দেন ধসে পড়া ভবনের বিভিন্ন পোশাক কারখানার আহত শ্রমিক ও নিখোঁজদের স্বজনেরা।গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ মহিলা পরিষদ, সাভার নাগরিক কমিটি, সোশ্যাল আপলিফমেন্ট সোসাইটি (সাস), বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খেলাঘর আসর, মুক্ত তারুণ্য ও কবি জসীমউদ্দীন পরিষদের নেতা-কর্মীরা গতকাল সকাল ১০টার দিকে সাভারের থানা বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে মিছিলটি রানা প্লাজার সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত সমাবেশে আহত ও নিখোঁজ শ্রমিকদের স্বজনসহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন। এর আগে কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা রানা প্লাজার সামনে নিহতদের স্মরণে অস্থায়ী স্মৃতিস্তম্ভ স্থাপন করে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।রানা প্লাজা শ্রমিক ইউনিয়নের সভাপতি লাভলি আক্তার বলেন, ‘আমি ধসে পড়া এই রানা প্লাজার একটি পোশাক কারখানায় চাকরি করতাম। ভাগ্যক্রমে আমি বেঁচে গেলেও মারা গেছেন অনেকেই। অনেকে এখনো নিখোঁজ রয়েছেন।’গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাভার অঞ্চলের সাধারণ সম্পাদক কে এম মিন্টু বলেন, এখনো অনেক শ্রমিক নিখোঁজ রয়েছেন। তাঁদের স্বজনদের কান্না এখনো থামেনি। তাই অনতিবিলম্বে নিখোঁজদের সঠিক তালিকা প্রকাশ করে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ঢাকা কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবিব বলেন, ভবনধসে আর কোনো শ্রমিক যাতে মারা না যান, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।সাভার নাগরিক কমিটির সভাপতি রফিকুল ইসলাম মোল্লা ভবনমালিকের সব সম্পদ বাজেয়াপ্ত করে ধসে পড়া ভবনের স্থানে গার্মেন্টস শ্রমিক স্মৃতিস্তম্ভ স্থাপনের পাশাপাশি একটি মার্কেট নির্মাণের দাবি জানান। আর মার্কেট থেকে আয়ের টাকা রানা প্লাজার ক্ষতিগ্রস্ত পোশাকশ্রমিকদের দেওয়ার পরামর্শ দেন।