রানা প্লাজার সামনে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গতকাল শনিবার বিকেলে ধসেপড়া রানা প্লাজার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন সাভার পৌরসভার মজিদপুরের ‘এসএমএন সোয়েটার’ নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা। গতকাল রাত নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকদের অবস্থান কর্মসূচি অব্যাহত ছিল।
কারখানার সুপারভাইজার আলীম মিয়া ও শওকত হোসেনসহ বেশ কয়েকজন শ্রমিক বলেন, তাঁরা নিয়মিতভাবে কাজ করে এলেও মালিকপক্ষ তাঁদের মে ও জুন মাসের বেতন পরিশোধে গড়িমসি করছিল। বেতন ও বোনাসের দাবিতে ১০ জুলাই তাঁরা কারখানা কর্তৃপক্ষকে অবরোধ করে রাখেন। তখন শিল্প পুলিশের সদস্যরা তাদের উদ্ধার করে। ওই সময় পুলিশের উপস্থিতিতে কর্মকর্তারা ১৫ জুলাইয়ের মধ্যে দুই মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করবেন বলে লিখিত অঙ্গীকার করেন। কিন্তু ১৪ জুলাই রাতে কারখানার মূল ফটকে তালা ঝুলিয়ে মালিকপক্ষ গা ঢাকা দেয়। এর পর থেকে তাদের আর হদিস পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় শ্রমিকেরা ২১ জুলাই সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পরও মালিকপক্ষের সাড়া না মেলায় তাঁরা শ্রম মন্ত্রণালয়, বিজিএমইএ এবং সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। পাওনা আদায়ের দাবিতে শেষ পর্যন্ত তাঁরা গতকাল ধসেপড়া রানা প্লাজার সামনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন। রাত নয়টা পর্যন্ত তাঁদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত ছিল।
বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে শ্রমিক শাজাহান চিৎকার করে বলেন, ‘আমরা ভিক্ষা চাই না, ঈদ করার জন্য আমাগো ন্যায্য পাওনা দেও।’ শ্রমিক নীলা বলেন, ‘আমাদের পেটে ভাত নাই, ঈদে সন্তানদের কোনো পোশাক কিনে দিতে পারি নাই। বেতন আর বোনাসের টাকা না নিয়া ঘরে ফিরুম না।’
যোগাযোগ করা হলে সাভারের ইউএনও কামরুল হাসান মোল্যা বলেন, কারখানাটি বিজিএমইএর তালিকাভুক্ত না হওয়ায় মালিকপক্ষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।