রানা প্লাজার সামনে শহীদ বেদী নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের স্মরণে শহীদ বেদী নির্মিত হয়েছে। ছবি: শাহাদাত পারভেজ
সাভারে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের স্মরণে শহীদ বেদী নির্মিত হয়েছে। ছবি: শাহাদাত পারভেজ

সাভারে রানা প্লাজা ধসে পড়ে নিহত শ্রমিকদের স্মরণে দুর্ঘটনাস্থলের সামনে আজ শুক্রবার স্থায়ী শহীদ বেদী নির্মাণ করা হয়েছে। এরপর সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। এর আগে হতাহত ও নিখোঁজ শ্রমিকদের বেতন-ভাতা ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করা হয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। আহত শ্রমিক, নিহত ও নিখোঁজ শ্রমিকদের স্বজনেরা এসব কর্মসূচিতে অংশ নেন। বেদী নির্মাণের পর এর সামনে অনুষ্ঠিত হয় পথসভা আর গণসাংস্কৃতিক অনুষ্ঠান। রানা প্লাজা ধসের পর ধসে পড়া ভবনের সামনে শহীদ বেদী নির্মাণের লক্ষ্যে ল্যাম্প পোস্ট, প্রপদ, বিপ্লবী ছাত্র যুব আন্দোলন, দাবানল, ছাত্র গণমঞ্চ, মার্ক্সবাদের প্রথম পাঠ ও গণমুক্তির গানের দলের পক্ষ থেকে গঠন করা হয় শহীদ বেদী নির্মাণ কমিটি। এর পর থেকে বেদী নির্মাণের জন্য কাজ করতে থাকে সংগঠনগুলো। বেদী নির্মাণ কমিটির পক্ষ থেকে জানানো হয়, গত ২৪ মে ধসে পড়া ভবনের সামনে প্রথম অস্থায়ী বেদী নির্মাণ করা হয়। এর দুই মাসেরও বেশি সময় পর আজ নির্মাণ করা হয় স্থায়ী বেদী। বেলা ১১টার দিকে শুরু হয়ে ‘প্রতিবাদে প্রতিরোধ’ নামে এই বেদী নির্মাণের কাজ শেষ হয় সন্ধ্যা ছয়টার দিকে। এই সময়ের মধ্যে বেদীর ওপর স্থাপন করা হয় একটি ভাস্কর্য। ভাস্কর্যটি মূলত হাতুড়ি ধরে রাখা একটি পুরুষ শ্রমিকের হাত। আর কাস্তে ধরে রাখা নারী শ্রমিকের হাত। এটি নির্মাণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী অন্তু মোদক। বেদীর নির্মাণকাজ শুরুর আগে ধসে পড়া রানা প্লাজার সামনে মানববন্ধন করে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ও বিপ্লবী শ্রমিক কমিটি। এতে অংশ নেন আহত শ্রমিকসহ ও নিহত এবং নিখোঁজ শ্রমিকদের স্বজনেরা। তাঁরা অনতিবিলম্বে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সব পাওনা ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান। মানববন্ধন থেকে ওয়ার্কার্স পার্টির সাভার উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, রানা প্লাজা ধসের ১০০ দিন পার হয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাঁদের পরিবার উপযুক্ত ক্ষতিপূরণ পাননি। তাঁদের পুনর্বাসনেরও ব্যবস্থা করা হয়নি। তিনি ঈদের আগে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের বেতন ও বোনাসসহ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

এর পর বিকেলে শহীদ বেদী নির্মাণ কমিটির পক্ষ থেকে আয়োজিত পথসভায় বক্তব্য দেন শহীদ বেদী নির্মাণ কমিটির সমন্বয়ক আশীষ কোড়ায়া, অধ্যাপক ম. নূরন্নবী, মোহসিন শাস্ত্রি, জাহিদ করিম ও নাহিদ সুলতানা।

সমাবেশ থেকে বক্তারা নিহত ও নিখোঁজ শ্রমিকদের পরিবারের সদস্যদের ২০ লাখ, আহতদের ১০ লাখ, পঙ্গুত্ব বরণকারীদের ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবি জানান। এ ছাড়া যাঁরা চাকরি হারিয়েছেন তাঁদের গ্র্যাচুয়িটিসহ ছয় মাসের বেতন এবং পোশাক শ্রমিকদের ন্যূনতম ১৫ হাজার টাকা বেতন নির্ধারণের দাবি জানান তাঁরা। 

বেদী নির্মাণ কমিটির সমন্বয়ক আশীষ কোড়ায়া তাঁর বক্তব্যে বলেন, রানা প্লাজায় শ্রমিক নিহতের ঘটনা নিছক কোনো দুর্ঘটনা নয়। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এই বেদী নির্মাণ করা হলো। এই বেদী ঐক্যবদ্ধতা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রতিরোধের প্রতীক।