রানা প্লাজার সামনে স্থায়ী বেদি নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে রানা প্লাজা ধসে পড়ে নিহত শ্রমিকদের সঞ্চরণে স্থায়ী বেদি নির্মাণ করা হয়েছে। রানা প্লাজার সামনে গতকাল শুক্রবার নির্মিত বেদিটির নামকরণ করা হয়েছে ‘প্রতিবাদে প্রতিরোধ’।
গতকাল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। এর আগে হতাহত ও নিখোঁজ শ্রমিকদের বেতন-ভাতা এবং উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করা হয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। পরে অনুষ্ঠিত হয় পথসভা ও গণসাংস্কৃতিক অনুষ্ঠন। নিহত, আহত ও নিখোঁজ শ্রমিকদের স্বজনেরাও এসব কর্মসূচিতে অংশ নেন।
ধসে পড়া ভবনের সামনে শহীদ বেদি নির্মাণের লক্ষ্যে ল্যাম্প পোস্ট, প্রপদ, বিপ্লবী ছাত্র যুব আন্দোলন, দাবানল, ছাত্র গণমঞ্চ, মার্ক্সবাদী প্রথম পাঠ ও গণমুক্তি গানের দলের পক্ষ থেকে গঠন করা হয় শহীদ বেদি নির্মাণ কমিটি। কমিটির পক্ষ থেকে জানানো হয়, গত ২৪ মে প্রথম অস্থায়ী বেদি নির্মাণ করা হয়। এর দুই মাসেরও বেশি সময় পর গতকাল নির্মাণ করা হয় স্থায়ী বেদি। বেদি নির্মাণের কাজ সকাল ১১টায় শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ছয়টায়। এই সময়ের মধ্যে বেদির ওপরে স্থাপন করা হয় একটি ভাস্কর্য। ভাস্কর্যটি মূলত হাতুড়ি ধরে রাখা একজন পুরুষ শ্রমিকের হাত এবং কাস্তে ধরে রাখা একজন নারী শ্রমিকের হাত। এটি নির্মাণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী অন্তু মোদক। বেদির নির্মাণকাজ শুরুর আগে ধসে পড়া রানা প্লাজার সামনে মানববন্ধন করে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ও বিপ্লবী শ্রমিক কমিটি। মানববন্ধন থেকে ওয়ার্কার্স পার্টির সাভার উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, রানা প্লাজা ধসের ১০০ দিন পার হয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাঁদের পরিবার উপযুক্ত ক্ষতিপূরণ পাননি। তাঁদের পুনর্বাসনেরও ব্যবস্থা করা হয়নি। তিনি ঈদের আগে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের বেতন ও বোনাসসহ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।
বেদি নির্মাণ কমিটির সমন্বয়ক আশীষ কোড়ায়া বলেন, রানা প্লাজায় শ্রমিক নিহতের ঘটনা নিছক কোনো দুর্ঘটনা নয়। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এই বেদি নির্মাণ করা হলো।